চট্টগ্রাম সিটি করপোরেশনে (চসিক) হোল্ডিং ট্যাক্স নির্ধারণে অভিনব কারসাজির ঘটনা ঘটেছে। সরকারি নথিতে সাদা ফ্লুইড ব্যবহার করে মুছে ফেলা হয়েছে মূল্যায়নের আগের অঙ্ক। ফিল্ডবুকের কোথাও পাতা, কোথাও আপিল ফরমে ঘষামাজা করে কমানো হয়েছে বাণিজ্যিক প্রতিষ্ঠানের বার্ষিক মূল্যায়ন। এতে দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে কম কর আদায়ের সুযোগ তৈরি করে চসিকের প্রায় ১৬ কোটি ৮০ লাখ টাকার রাজস্ব ক্ষতি করা হয়েছে বলে অভিযোগ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ঘটনায় চসিকের পাঁচ কর্মকর্তা-কর্মচারী এবং সুবিধাভোগী দুটি প্রতিষ্ঠানের মালিকসহ মোট সাতজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুদক। গত সোমবার দুদক চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এ মামলা দুটি দায়ের করা হয়। দুদকের সহকারী পরিচালক সৈয়দ আলম বাদী হয়ে মামলাগুলো করেন।
দুদকের এজাহার অনুযায়ী, একটি প্রতিষ্ঠানের বার্ষিক মূল্যায়ন ২৫ কোটি ৬৭ লাখ টাকা থেকে কমিয়ে করা হয়েছে ৫ কোটি ৮ লাখ টাকা। অন্য প্রতিষ্ঠানের মূল্যায়ন ২৬ কোটি ৩ লাখ টাকা থেকে নামিয়ে আনা হয়েছে ৬ কোটি ৩ লাখ টাকায়। দুই প্রতিষ্ঠানের ক্ষেত্রেই মূল্যায়নের অঙ্কে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। মামলায় চসিকের রাজস্ব সার্কেল-৮-এর সাবেক কর কর্মকর্তা মোহাম্মদ রুকন আলম, সাবেক উপ-কর কর্মকর্তা মো. আবদুল কাদের, রাজস্ব সার্কেল-৯-এর সাবেক কর কর্মকর্তা তপন প্রকাশ সেন, সার্কেল-৮-এর সহকারী কর আদায়কারী মো. মনজুর মোর্শেদ এবং সার্কেল-৯-এর হিসাব সহকারী রূপসী রানী দেব ও মোহাম্মদ আহসান উল্লাহকে আসামি করা হয়েছে। এ ছাড়া ইকবাল ট্রেড লিমিটেডের মালিকপক্ষের ইউসুফ আবদুল্লাহ হারুন এবং মেসার্স এহসান ব্রাদার্স লিমিটেডের মালিক হাজী মো. আবুল কালামকেও আসামি করা হয়েছে।
দুদক চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এর উপপরিচালক মো. আল আমিন বলেন, ‘চসিকের হোল্ডিং ট্যাক্স নির্ধারণ প্রক্রিয়ায় জালিয়াতির আশ্রয় নিয়ে সরকারি রাজস্ব আত্মসাতের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। কমিশনের নির্দেশে পৃথক দুটি মামলা করা হয়েছে। তদন্তে আরও সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’