Image description

নারায়ণগঞ্জের সাইনবোর্ড শান্তিধারা এলাকার একটি মাদ্রাসার লাইব্রেরিতে সোমবার গভীর রাতে আগুন লেগে ধোঁয়ায় প্রায় একশ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে ৭৯ শিক্ষার্থীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। একজনকে ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হচ্ছে। অসুস্থদের মধ্যে ১৬ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসকরা বলেছেন, তাদের কারও শরীরের কোথাও দগ্ধ হয়নি। তবে অনেকের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে।

শিক্ষার্থীরা জানান, রাত ২টার দিকে জামিয়া আশরাফিয়া মাদ্রাসার দোতলায় লাইব্রেরিতে আগুন লাগে। পাঁচতলা ভবন বিশিষ্ট মাদ্রাসার বাকি তলায় শিক্ষার্থীরা এ সময় ঘুমাচ্ছিলেন। আগুন লাগার পর ডাকাডাকি ও চিৎকারে ঘুম থেকে উঠে আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়েও অনেক আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট রাত পৌনে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী নুর খানকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, ঘুমন্ত শিক্ষার্থীরা বই, কাগজ ও আসবাবপত্র পোড়ার ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন। এলাকাবাসী এগিয়ে এসে শিক্ষার্থীদের দ্রুত হাসপাতালে নিয়ে যান। স্থানীয় সংসদ-সদস্য ও এনসিপির কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ আল আমিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে ফতুল্লায় মাদ্রাসায় অগ্নিকাণ্ডে আহত শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এমএ মুহিত। একই সঙ্গে অর্ধশতাধিক শিক্ষার্থীর চিকিৎসায় দুটি মেডিকেল বোর্ড গঠনের কথা জানিয়েছেন তিনি। মঙ্গলবার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন শিক্ষার্থীদের দেখতে এসে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এসব তথ্য জানান। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানান, ভোর থেকে দুপুর পর্যন্ত ৭৮ জন রোগী হাসপাতালে চিকিৎসার জন্য এসেছে। এদের অনেকের ধোঁয়া বা আগুনের আঁচে শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। গুরুতর রোগীদের অক্সিজেন স্যাচুরেশন ধরে রাখতে সমস্যা হচ্ছে। কারও কারও কাশির সঙ্গে রক্ত আসছে। পাশাপাশি শ্বাসকষ্ট, পেটে ব্যথা, চোখ জ্বালাপোড়া ও তীব্র মাথাব্যথার মতো উপসর্গ দেখা দিয়েছে।

তিনি বলেন, আগুনের ধোঁয়া শ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করলে শ্বাসনালি পুড়ে যেতে পারে। এতে শরীরে অক্সিজেনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় এবং অক্সিজেনের মাত্রা কমে যায়। চারজন রোগী ক্রিটিক্যাল কেয়ারে রয়েছেন। তাদের মধ্যে একজন ভেন্টিলেটর সাপোর্টে আছেন। তার চিকিৎসায় একজন পালমোনোলজিস্ট ও শ্বাসতন্ত্রের বিশেষজ্ঞ কাজ করছেন। কয়েকজন রোগীর চোখও ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের চিকিৎসায় একজন চক্ষু বিশেষজ্ঞকে যুক্ত করা হয়েছে। ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞদের সমন্বয়ে তাদের চিকিৎসা চলছে। আশঙ্কাজনক চারজন হচ্ছেন-ইউসুফ (১৮), খাইরুল (২২), জোবায়ের (১৮) ও সিয়াম। কাঁচপুর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাহজাহান জানান, রাত ১টা ৫৫ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট সেখানে যায়। রাত ৩টা ৪৪ মিনিটে আগুন নেভানো হয়। পাঁচতলা মাদ্রাসার দ্বিতীয় তলায় ছিল লাইব্রেরি ও অফিস কক্ষ। প্রায় চার হাজার বর্গফুটের ফ্লোরটির লাইব্রেরি রুম থেকে আগুনের সূত্রপাত ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ভবনটিতে প্রায় ২৫০ জন শিক্ষার্থী উপরের তিনটি ফ্লোরে রাতে ঘুমান।

মাদ্রাসার শিক্ষার্থী আব্দুল আলীম, জোনায়েদ, আব্দুস সালামসহ কয়েকজন জানান, রাতে পড়াশোনা শেষ করে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম তলায় শিক্ষার্থীরা ঘুমিয়ে পড়েন। রাত দেড়টার দিকে লাইব্রেরির পাশে বসে মাদ্রাসার একজন শিক্ষক কাজ করছিলেন। এ সময় আগুন দেখতে পেয়ে শিক্ষার্থীদের ডেকে তুলে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতার কারণে শিক্ষার্থীরা নেভাতে না পেরে ফায়ার সার্ভিসকে খবর দেন। এরপর ফায়ার সার্ভিসের শিবু মার্কেট ও কাঁচপুর স্টেশন থেকে চারটি ইউনিট গিয়ে প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার পর মাদ্রাসার কয়েকজন শিক্ষক দ্রুত গিয়ে বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে দেন। যে কারণে ধোঁয়ার আচ্ছন্ন তৃতীয় ও চতুর্থ তলার শিক্ষার্থীরা অন্ধকারে হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হন। আবার অনেকের ধোঁয়া শ্বাসনালিতে প্রবেশ করায় অসুস্থ হয়ে পড়েন। আগুনে লাইব্রেরিটি পুড়ে গেছে।

জামিয়া আশরাফিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মফিজুল ইসলাম জানান, আগুনে কোনো শিক্ষার্থী দগ্ধ হয়নি। তবে ধোঁয়ার কারণে ওপরের তলায় ঘুমিয়ে থাকা বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। যে কারণে তাদের সবাইকে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আতঙ্কে দুজন শিক্ষার্থী নিচে লাফিয়ে পড়ে আহত হয়েছে। হাসপাতালে নেওয়ার পর জানতে পেরেছি চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের আইসিইউতে রাখা হয়েছে। শিক্ষার্থীদের চিকিৎসা ব্যয় মাদ্রাসা কর্তৃপক্ষ বহন করছে। তিনি বলেন, আমাদের লাইব্রেরিতে কোটি টাকার উপরে বই ও কিতাব ছিল।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, মাদ্রাসার দ্বিতীয় তলায় লাইব্রেরিতে আগুন লাগে। লাইব্রেরিটি আধুনিকভাবে কাঠ, বোর্ড দিয়ে সাজানো হয়েছিল। এছাড়া লাইব্রেরিতে বিপুলসংখ্যক বই ছিল। দাহ্য পদার্থ হওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রচুর ধোঁয়া ছড়িয়ে পড়ে ওপরের তলাগুলোতে। ধোঁয়ার মাত্রা বেশি থাকলে অক্সিজেনের মাত্রা কমে যায়। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করে আগুন নির্বাপণ করে। তিনি আরও বলেন, আগুনের সূত্রপাত তদন্তের পর জানা যাবে। তবে প্রাথমিকভাবে মশার কয়েল অথবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তদন্তের দায়িত্ব পাওয়া অতিরিক্ত জেলা প্রশাসক আলী নুর খান জানান, ঘটনাস্থল পরিদর্শন করে আগুন লাগার কারণ অনুসন্ধান করা হচ্ছে। ইতোমধ্যে আমরা কাজ শুরু করেছি। মাদ্রাসায় আগুন নেভানোর ফায়ার ফাইটিং ব্যবস্থা ছিল না। তিনি বলেন, সার্বিক বিষয় তদন্ত করে প্রতিবেদন দাখিল করা হবে। কর্তৃপক্ষের গাফিলতি পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।

স্থানীয় সংসদ-সদস্য আব্দুল্লাহ আল আমিন আগুনে পুড়ে যাওয়া লাইব্রেরি ও অফিসকক্ষ পরিদর্শন করে বলেন, মাদ্রাসার লাইব্রেরিটি ছিল খুবই সমৃদ্ধ। লাইব্রেরিটি যাতে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা যায় সেজন্য সহযোগিতা করা হবে। হাসপাতালে অসুস্থদের খোঁজখবর নেওয়ার জন্য একটি টিম পাঠানো হয়েছে।

মাদ্রাসায় আগুনে আহতদের চিকিৎসা বিনামূল্যে-স্বাস্থ্য প্রতিমন্ত্রী : স্বাস্থ্য প্রতিমন্ত্রী এমএ মুহিত বলেন, ‘যারা আছেন, তাদের পরিচর্যার জন্য দুটি মেডিকেল বোর্ড ইতোমধ্যেই গঠন করা হয়েছে। যত ধরনের পরীক্ষা-নিরীক্ষা লাগছে ইনভেস্টিগেশন, সেগুলো সবকিছু ফ্রি করে দেওয়া হয়েছে। মেডিকেল বোর্ডে ১৩-১৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন। প্রতিমন্ত্রী বলেন, এই অগ্নিকাণ্ডের ফলে তাদের শ্বাসনালিতে বড় ধরনের সমস্যা হয়েছে। তাদের শ্বাসকষ্ট হচ্ছিল এবং তাদের যে শ্বাসনালি সেখানেও কিছু ইনজুরি হয়েছে। এছাড়া তারা ভয়ার্তভাবে যখন ছোটাছুটি করে এবং যে মেন্টাল ট্রমা-এসব মিলিয়ে তারা আহত অবস্থায় হাসপাতালে আসে। প্রতিমন্ত্রী বলেন, চিকিৎসকরা দুটি মেডিকেল বোর্ডের মাধ্যমে প্রত্যেক রোগীকে নিবিড় পরিচর্যায় যথাযথভাবে চিকিৎসা দিচ্ছেন। অনেকেই মোটামুটি রিকভার করছেন। আশা করি, রাতের মধ্যে আরও প্রায় ৩০ জনকে ছুটি দিতে পারব। আইসিইউতে থাকা চার শিক্ষার্থীর বিষয়ে তিনি বলেন, ‘তাদের আইসিইউতে যথাযথভাবে দেখা হচ্ছে, ইনশাআল্লাহ তারাও রিকভার করবেন। বার্ন ইনস্টিটিউটের বিশেষায়িত সেবা ঢাকার বাইরেও ‘বিকেন্দ্রীকরণ’ করার প্রয়োজনীয়তার কথাও বলেন প্রতিমন্ত্রী মুহিত।