উত্তরের জেলা নীলফামারীতে চীনের বিশেষায়িত হাসপাতাল নির্মাণ আলোচনার দেড় বছর পার হলেও সেখানে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের আওতায় প্রকল্প বাস্তবায়নে কিছুটা দেরির কথা বলছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এই প্রকল্প বাস্তবায়নে ধীরগতিতে অনিশ্চয়তা তৈরি হয়েছে চীনের সহযোগিতায় আরও ২০টি অত্যাধুনিক হাসপাতাল তৈরির পরিকল্পনায়। ২০২৫ সালে বাংলাদেশের সঙ্গে কূটনীতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে ১ হাজার শয্যার বিশেষায়িত হাসপাতাল উপহারের ঘোষণা দিয়েছিল চীন। এ ব্যাপারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘এ হাসপাতাল প্রকল্প এগিয়ে নেওয়ার বিষয়ে কাজ চলছে। চীনের প্রতিনিধিদল নীলফামারীতে প্রকল্পের জন্য নির্ধারিত জায়গা পরিদর্শন করেছেন। এই প্রকল্পটি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের আওতায় বাস্তবায়ন হবে। এই প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা দেরি হচ্ছে। তবে আশা করছি, খুব শিগগিরই দৃশ্যমান অগ্রগতি হবে।’
গত ১৮ জানুয়ারি পরিকল্পনা কমিশনে, বাংলাদেশ-চীন মৈত্রী জেনারেল হাসপাতাল প্রকল্পের ওপর মূল্যায়ন সভা (পিইসি) অনুষ্ঠিত হয়। প্রকল্পটি চলতি বছরের ২৫ জানুয়ারি একনেক সভায় অনুমোদিত হয়। প্রকল্পের মেয়াদ ২০২৬ সালের এপ্রিল থেকে ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত। নীলফামারী সদর উপজেলার চরাইখোলা ইউনিয়নের আরাজি চরাইখোলা ও দরোয়ানি মৌজায় দরোয়ানি টেক্সটাইল মিলের কাছে প্রায় ২৫ একর জমি এ প্রকল্পের জন্য চিহ্নিত করা হয়। প্রাথমিক মাঠ জরিপের কাজও শেষ।
সরকারি পর্যায়ে প্রকল্পের কিছু সংশোধন ও আনুষঙ্গিক প্রক্রিয়া চলছে। এসব কাজ শেষ হওয়ার পর নির্মাণ শুরু হওয়ার কথা। কিন্তু প্রকল্পটি প্রশাসনিক প্রক্রিয়ার মধ্যেই আটকে আছে। নীলফামারীর সিভিল সার্জন ডা. মো. আবদুর রাজ্জাক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, চীনের প্রতিনিধিরা এসে জায়গা দেখে গেছেন। তবে এখন পর্যন্ত তাদের কাছ থেকে পরবর্তী কোনো মতামত আমরা পাইনি। হাসপাতালটি হলে শুধু নীলফামারী নয়, উত্তরাঞ্চলের গোটা এলাকার মানুষ উপকৃত হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উদ্যোগে প্রস্তাবিত হাসপাতালটির মোট প্রকল্প ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৪৫৯ কোটি ৩৪ লাখ ৯৭ হাজার টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ১৭৯ কোটি ২৭ লাখ ৭ হাজার টাকা। বাকি ২ হাজার ২৮০ কোটি ৭ লাখ ৭৬ হাজার টাকা চীন সরকারের অনুদান হিসেবে দেওয়ার কথা রয়েছে। প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা হিসেবে রয়েছে স্বাস্থ্য অধিদপ্তর ও গণপূর্ত অধিদপ্তর। প্রকল্পের অর্থায়ন কাঠামোতে চীনা অনুদানের অংশই বড়। ফলে প্রকল্পটি বাস্তবায়নে চীনের সঙ্গে আনুষ্ঠানিক সমন্বয়, অর্থায়নের কাঠামো ও নির্মাণ-সংক্রান্ত পরবর্তী পদক্ষেপ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রতি বছর লাখ লাখ মানুষ বিদেশে চিকিৎসা নিতে যাচ্ছে। এর ফলে দেশের বাইরে চলে যাচ্ছে প্রায় ৫ বিলিয়ন মার্কিন ডলার। ক্যানসার, কিডনি, লিভার, ইনফার্টিলিটিসহ বিভিন্ন বিশেষায়িত সেবায় অত্যাধুনিক প্রযুক্তির অভাবে আধুনিকমানের সেবা বঞ্চিত হচ্ছে রোগীরা। বিভিন্ন দেশের দূতাবাসে ভিসার জন্য লাইনে দাঁড়াতে হচ্ছে মানুষকে। তাই স্বাস্থ্যসেবায় আধুনিকায়ন এবং বিশেষায়িত চিকিৎসায় জোর দিয়েছে সরকার।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আগুনে পোড়া রোগীদের সেবায় চীনের অর্থায়নে চট্টগ্রামে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ বার্ন ইউনিট নির্মাণ কাজ চলছে। দেশের স্বাস্থ্য খাতে চীনের আগ্রহকে কাজে লাগাতে আরও ২০টি হাসপাতাল তৈরিতে সহযোগিতার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে চীনের অর্থায়নে দেশে ২১ হাজার শয্যার ২০টি হাসপাতাল নির্মিত হবে। এর মধ্যে ১ হাজার শয্যার ১৮টি সাধারণ হাসপাতাল এবং নারী ও শিশুদের জন্য ১ হাজার ৫০০ শয্যার দুটি বিশেষায়িত হাসপাতাল হবে। কিন্তু নীলফামারী হাসপাতাল প্রকল্পে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় ২০ হাসপাতালের পরিকল্পনা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, গত ৯ মে প্রস্তাবিত ২৫ একর জায়গা পরিদর্শন করেছে ছয় সদস্যের চীনের কারিগরি প্রতিনিধিদল। পরিদর্শন শেষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব ফাতেমা তুজ জোহরা গণমাধ্যমকে জানান, নির্ধারিত জায়গার ওপর আধুনিক সুযোগসুবিধা সম্পন্ন ১০ তলা হাসপাতাল ভবন নির্মাণ করা হবে। এ ছাড়াও প্রকল্পের আওতায় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য ডরমেটরি, আবাসিক ভবন, পরিচালকের বাংলোসহ প্রয়োজনীয় সহায়ক অবকাঠামো গড়ে তোলা হবে। স্থাপন করা হবে অত্যাধুনিক চিকিৎসা যন্ত্রপাতিও।
তিনি আরও জানান, ১ হাজার শয্যার এই হাসপাতালের মধ্যে পাঁচ শ সাধারণ বেড এবং বাকি পাঁচ শটি বিশেষায়িত চিকিৎসা সেবার জন্য বরাদ্দ থাকবে। এ প্রকল্পের আওতায় হাসপাতালের মূল ভবন হবে ১০ তলা। রোগী দেখার জন্য অধ্যাপক ও জ্যেষ্ঠ চিকিৎসকদের জন্য আলাদা ১০ তলা ভবন হবে, সেখানে চিকিৎসকেরা থাকবেনও। এ ছাড়া নার্সদের জন্য ছয় তলা ডরমিটরি এবং অন্য কর্মচারীদের জন্য ১০ তলা ভবন থাকবে। বর্জ্য ব্যবস্থাপনার জন্য একটি ভবন, সার্ভিস ভবন, একটি হেলিপ্যাড ও অটোমেটেড অ্যাম্বুলেন্স সিস্টেম থাকবে এই হাসপাতালে।