ফরিদপুরে বাসের ভেতরে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নেভানোর চেষ্টা করতে গিয়ে অসুস্থ হয়ে প্রাণ হারিয়েছেন বাসচালক মো. কালাচাঁদ (৫০)। গত সোমবার গভীর রাতে শহরের গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। তার মৃত্যুতে অথৈই সাগরে পড়েছে পরিবারটি।
মৃত কালাচাঁদ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের বাসিন্দা। জানা যায়, ঘটনার সময় বাসের ভেতরে ঘুমন্ত অবস্থায় ছিলেন চালক কালাচাঁদ। হঠাৎ বাসে আগুনের সূত্রপাত হলে ঘুম থেকে উঠে আগুন নেভানোর চেষ্টা করেন তিনি। একপর্যায়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান। বিষয়টি ফরিদপুর কোতোয়ালি থানাকে জানানো হলে থানার কিলো-১ ডিউটি পার্টি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালাচাঁদের পরিবারে স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও অসুস্থ বৃদ্ধ মা রয়েছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এখন তাদের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে গভীর উদ্বেগ। দিগনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম লিটু মোল্লা বলেন, এ ঘটনার পেছনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের সংশ্লিষ্টতা রয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে কঠোর বিচারের দাবি জানাই।
দিগনগর নূর মঞ্জিল মসজিদের ইমাম বলেন, কালাচাঁদের মৃত্যুর পর পরিবারটি চরম দুশ্চিন্তায় রয়েছে। পরিবারের ভবিষ্যৎ সুরক্ষায় সরকারের কাছে পরিবারের একজন সদস্যের জন্য উপযুক্ত চাকরির ব্যবস্থা করার আবেদন জানাই।