সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর এক গবেষণায় বলা হয়েছে, দেশে দারিদ্র্য কমলেও এর সুফল সব জনগোষ্ঠীর কাছে সমানভাবে পৌঁছায়নি। বিশেষ করে চা-শ্রমিক, শহরের ভাসমান জনগোষ্ঠী, হাওর এলাকার নিম্ন আয়ের মানুষ, দলিত স্যানিটেশন কর্মী এবং নারী কৃষিশ্রমিকদের বড় একটি অংশ এখনো দারিদ্র্য ও নানা বঞ্চনার মধ্যে রয়েছে।
এতে উল্লেখ করা হয়েছে, জাতীয় পর্যায়ে চরম দারিদ্র্যের হার যেখানে ৫ দশমিক ৬ শতাংশ, সেখানে চা-শ্রমিকদের মধ্যে এই হার ২২ দশমিক ৮ শতাংশ এবং শহরের ভাসমান জনগোষ্ঠীর মধ্যে ২০ দশমিক ৪ শতাংশ। সাধারণ দারিদ্র্যের হারও জাতীয় গড়ের তুলনায় এসব জনগোষ্ঠীর মধ্যে অনেক বেশি। আয়, শিক্ষা, পুষ্টি, নিরাপদ পানি, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষার ক্ষেত্রেও রয়েছে বড় ধরনের বৈষম্য।
‘সবচেয়ে পিছিয়ে থাকা মানুষদের কাছে সবার আগে পৌঁছানো : বাংলাদেশে চরম দারিদ্র্য বিমোচনের জন্য একটি কৌশলগত ও বিভাজিত পদ্ধতি’ শীর্ষক এই গবেষণা প্রতিবেদনটি গতকাল সিপিডির ওয়েবসাইটে প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের খানা আয়-ব্যয় জরিপের (এইচআইইএস) তথ্য বিশ্লেষণে জাতীয় পর্যায়ে সাধারণ দারিদ্র্যের হার পাওয়া গেছে ১৮ দশমিক ৬ শতাংশ এবং চরম দারিদ্র্যের হার ৫ দশমিক ৬ শতাংশ। বিপরীতে চা-শ্রমিকদের মধ্যে সাধারণ দারিদ্র্যের হার ৪২ দশমিক ৬ শতাংশ, চরম দারিদ্র্য ২২ দশমিক ৮ শতাংশ। শহরের ভাসমান জনগোষ্ঠীর মধ্যে সাধারণ দারিদ্র্য ৬৫ দশমিক ৮ শতাংশ এবং চরম দারিদ্র্য ২০ দশমিক ৪ শতাংশ। হাওর এলাকার নিম্ন আয়ের জনগোষ্ঠীর মধ্যে এই হার যথাক্রমে ২১ ও ৯ দশমিক ৩ শতাংশ। দলিত স্যানিটেশন কর্মীদের মধ্যে সাধারণ দারিদ্র্য ২৩ দশমিক ২ শতাংশ এবং চরম দারিদ্র্য ৮ দশমিক ৮ শতাংশ। নারী কৃষিশ্রমিকদের মধ্যে সাধারণ দারিদ্র্যের হার ১৭ দশমিক ৬ শতাংশ হলেও চরম দারিদ্র্য ৭ দশমিক ২ শতাংশ।
পুষ্টি ও ব্যয়েও পিছিয়ে : প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় পর্যায়ে দৈনিক মাথাপিছু প্রোটিন গ্রহণের পরিমাণ ৭২ গ্রাম। সেখানে শহরের ভাসমান জনগোষ্ঠীর ক্ষেত্রে তা মাত্র ৫১ দশমিক ২ গ্রাম। হাওর এলাকার নিম্ন আয়ের মানুষের ৫৭ দশমিক ৬ গ্রাম, চা-শ্রমিকদের ৬৪ দশমিক ১ গ্রাম এবং দলিত স্যানিটেশন কর্মীদের ৬৭ দশমিক ৮ গ্রাম। নারী কৃষিশ্রমিকদের ক্ষেত্রে দৈনিক মাথাপিছু প্রোটিন গ্রহণের পরিমাণ ৭২ দশমিক ২ গ্রাম।
পরিবারের ব্যয়ের চিত্রেও রয়েছে বড় ব্যবধান। জাতীয় পর্যায়ে একটি পরিবারের সাপ্তাহিক ব্যয় গড়ে ৭ হাজার ৪২৭ টাকা। অথচ শহরের ভাসমান জনগোষ্ঠীর ক্ষেত্রে তা মাত্র ৩ হাজার ২২৮ টাকা। চা-শ্রমিক পরিবারের সাপ্তাহিক ব্যয় ৩ হাজার ৯৮০ টাকা, হাওর এলাকার নিম্ন আয়ের মানুষের ৫ হাজার ৫০০ টাকা, নারী কৃষিশ্রমিক পরিবারের ৬ হাজার ৩৪৭ টাকা এবং স্যানিটেশন কর্মীদের ৬ হাজার ৬০৫ টাকা।
শিক্ষায় বড় বৈষম্য : প্রতিবেদন অনুযায়ী, শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে পিছিয়ে চা-শ্রমিক পরিবারের শিশুরা। ৬ থেকে ১৮ বছর বয়সি শিশু-কিশোরদের মধ্যে জাতীয় পর্যায়ে ৩ দশমিক ৮ শতাংশ শিক্ষার বাইরে থাকলেও চা-শ্রমিক পরিবারে এ হার ২৯ দশমিক ৬ শতাংশ।
সিপিডির সম্মাননীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান বলেন, শুধু আয় বাড়ানোর উদ্যোগ দিয়ে এসব মানুষের দারিদ্র্য দূর করা সম্ভব নয়। তাদের শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা ও ন্যায্য মজুরি নিশ্চিত করতে হবে। তাই সবার জন্য একই কর্মসূচি না নিয়ে জনগোষ্ঠীর সমস্যা ও প্রয়োজন অনুযায়ী আলাদা নীতি গ্রহণ করা জরুরি।