ফরিদপুরের সালথায় নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সহ-সভাপতি এ এস এম ফেরদাউসকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর দেড়টার দিকে সালথা থানা রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ফেরদাউস (২৮) উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামের মতিয়ার বিশ্বাসের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর কয়েকদিন ধরে গোপনে গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন। মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে সালথা থানা রোড এলাকায় ঘোরাফেরা করার সময় স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, ঢাবি ছাত্রলীগের নেতা ফেরদাউসকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।