Image description

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ১৬ নভেম্বর। জরিমানা ছাড়া এ প্রক্রিয়া চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। আর জরিমানা বা বিলম্ব ফি দিয়ে ২৪ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত ফরম পূরণ করা যাবে। ফরম পূরণের সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৪৩৫ টাকা।

 

মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

 

শিক্ষা বোর্ডের সুনির্দিষ্ট নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণ প্রক্রিয়া সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে।

 

নির্দেশনায় বলা হয়, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনি পরীক্ষা গ্রহণ এবং নির্দিষ্ট সময়ের মধ্যে ফল প্রকাশের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ নভেম্বর। এরপরই ১৬ নভেম্বর থেকে মূল বোর্ডের ফরম পূরণ প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হবে। জরিমানা ছাড়া এ প্রক্রিয়া চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। জরিমানা বা বিলম্ব ফি দিয়ে ২৪ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত ফরম পূরণ করা যাবে।

 

ফরম পূরণের ফি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ২ হাজার ৪৩৫ টাকা। ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের ফি ২ হাজার ৩১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

এদিকে কারিগরি শিক্ষা বোর্ডের বিবৃতিতে জানানো হয়েছে, ২০২৭ সালের এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের টিসি (TC) ও পিসি (PC) নম্বর অনলাইনে এন্ট্রির সময় নির্ধারণ করা হয়েছে ১৯ থেকে ৩০ নভেম্বর। একই দিন থেকে ফরম পূরণ শুরু হয়ে চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।

 

  •  

নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণ করতে না পারা শিক্ষার্থীরা ১৬ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষার্থী প্রতি ৩০০ টাকা বিলম্ব ফি দিয়ে আবেদন করতে পারবে। এ ছাড়া ২৫ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষার্থী প্রতি ৩০০ টাকা বিলম্ব ফি এবং প্রতিষ্ঠান প্রতি এক হাজার টাকা জরিমানা দিয়ে ফরম পূরণের সুযোগ রাখা হয়েছে। ফরম পূরণের ফি সোনালী সেবার মাধ্যমে ২০২৭ সালের ৪ থেকে ১২ জানুয়ারির মধ্যে জমা দিতে হবে।

 

ফরম পূরণের ফি হিসেবে পরীক্ষার ফি ৪০০ টাকা, নম্বরপত্র ফি ৮০ টাকা, সনদপত্র ফি ১২০ টাকা, বাস্তব প্রশিক্ষণ ফি ১৫০ টাকা এবং প্রযোজ্য ক্ষেত্রে সংযোগ রক্ষাকারী ফি ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

এ ছাড়া কেন্দ্র ও ব্যবহারিক পরীক্ষার জন্য পৃথক ফি দিতে হবে। ব্যবহারিক পরীক্ষায় ছয়টি বিষয়, ঐচ্ছিক বিষয়সহ, প্রতি বিষয়ে ৩৫ টাকা হারে মোট ২১০ টাকা নির্ধারণ করা হয়েছে।