Image description
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ‘স্বামী-স্ত্রী দুইজন চাকরি করুক এটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না।’
 
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেয়ার সময় প্রতিমন্ত্রী এমন মন্তব্য করেন।
 
প্রতিমন্ত্রী এ সময় আরও বলেন, বাবা-মা দুজনই চাকরিতে ব্যস্ত থাকলে এর প্রভাব সন্তানদের ওপর পড়ে। তবে একই পরিবারের দুজনের চাকরি করার বিষয়ে তার কোনো আপত্তি নেই বলেও স্পষ্ট করেছেন তিনি।
 
সন্তান লালন-পালনে বাবা-মায়ের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘মেয়েরা কেবল সন্তান লালন-পালনের জন্যই জন্মেছে–বিষয়টি মোটেও এমন নয়। সন্তান অন্য কেউও লালন-পালন করতে পারে, কিন্তু বাবা-মায়ের ছত্রছায়ায় বড় হলে তাদের মধ্যে একটি অন্যরকম উপলব্ধি তৈরি হয়।’
 
তার বক্তব্য যেন গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপিত না হয়, সে বিষয়েও সতর্ক করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘একই পরিবারে দুজন চাকরি করুক তাতে আমার কোনো আপত্তি নেই, তবে একজন চাকরি করলে পরিবারের জন্য ভালো হয়–এটি একেবারেই আমার ব্যক্তিগত অভিমত।’
 
 
 
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন।