Image description

নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের কথিত ধর্মঘট কর্মসূচিকে কেন্দ্র করে সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মেট্রোরেল স্টেশন সংলগ্ন এলাকায় একটি ককটেল বিস্ফোরিত হয়। 

এ ঘটনায় ঐ সময় উপস্থিত আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও জাবির সালেহীন দিপু (২৭) নামে দুজনকে আটক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ও উপস্থিত লোকজন। পরে তাদের শাহবাগ থানায় নেওয়া হয়।

দেশের কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জামিলকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় আটক হওয়া ব্যক্তি হিসেবে উপস্থাপন করা হয়। এসব প্রতিবেদনে তার নাম ও ছবি ব্যবহার করে বিস্ফোরণের সঙ্গে সম্পৃক্ততার ইঙ্গিত দেওয়া হয়। 

পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমের বিএনপিপন্থী বিভিন্ন পেজ ও অ্যাকাউন্ট থেকেও তাকে সরাসরি ককটেল বিস্ফোরণকারী দাবি করে প্রচার চালানো হয়।

বার্তা বাজারে ‘টিএসসিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় ব্যাগভর্তি ককটেলসহ আটক ২’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে জামিলের ছবিও যুক্ত করা হয়।

দ্য ডেইলি স্পটলাইট নামের একটি ফেসবুক পেজে ‘ঢাবিতে ককটেল বিস্ফোরণ করতে গিয়ে ছাত্রদলের হাতে তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা আটক!’ শিরোনামে পোস্ট করা হয়। ওই পোস্টে জামিলকে সরাসরি ককটেল বিস্ফোরণকারী হিসেবে উপস্থাপন করা হয়েছে।

টাইম বাংলা নামের একটি ফেসবুক পেজ থেকে প্রচারিত ফটোকার্ডে লেখা হয়েছে, “টিএসসিতে ককটেল বিস্ফোরণ করে পালানোর সময় আটক শিবিরের সাথী জামিল!” ফটোকার্ডটিতে জামিলের ছবি, আহত অবস্থার ছবি এবং তার ফেসবুক প্রোফাইলের স্ক্রিনশট যুক্ত করা হয়েছে।

‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ নামের একটি ফেসবুক গ্রুপে ‘Apon Chowdhury Raju’ নামের একটি অ্যাকাউন্ট থেকে দৈনিক আজকের কণ্ঠ ডিজিটালের একটি পোস্ট শেয়ার করা হয়েছে।

শেয়ার করা পোস্টটির ফটোকার্ডে জামিল মল্লিকের দুটি ছবি এবং তার ফেসবুক পোস্টের একটি স্ক্রিনশট যুক্ত করা হয়েছে। 

ফটোকার্ডের ক্যাপশনে লেখা রয়েছে, “ছাত্রলীগকে ফাঁসাতে ককটেল নিক্ষেপ: আটক শিবির নেতা জামিল”।

এছাড়া বিএনপিপন্থী অনলাইন এক্টিভিস্ট ‘Md M Rashed’  এক ফেসবুক পোস্টে স্পটলাইটের পোস্ট ক্যাপশনে লিখে জামিলকে ককটেল বিস্ফোরণকারী হিসিবে দাবি করে লিখেছেন, “ স্বৈরাচার আর রাজাকার, মিলেমিশে একাকার”

তবে দ্য ডিসেন্টের পর্যালোচনায় দেখা যায়, টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণ এবং জামিলসহ দুজনকে আটকের ঘটনা সত্য হলেও জামিল নিজে বিস্ফোরণ ঘটিয়েছেন এ দাবিটি সত্য নয়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ও উপস্থিত প্রত্যক্ষদর্শীরা দ্য ডিসেন্টকে জানিয়েছেন, টিএসসিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় জামিলকে তাৎক্ষণিক আটক করা হলেও তিনি বিস্ফোরণকারী ছিলেন না। পুলিশের প্রাথমিক তদন্তে জামিলের ককটেল বিস্ফোরণে সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। 

আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল দ্য ডিসেন্টকে জানান, “৯ নভেম্বর বন্ধুদের সঙ্গে দেখা করতে টিএসসি এলাকায় গিয়েছিলাম।  সেখানে প্রায় ৪০ মিনিট অবস্থানের পর বাসায় ফিরতে যাচ্ছিলাম তখনি আমার থেকে অল্প দূরেই একটা ছেলে ককটেল বিস্ফোরণ ঘটায়। এরপরই আমি ওকে ধরে ফেলি এবং চিৎকার করতে থাকি, ককটেল মারছে। ওর কাঁধে একটা ব্যাগ ছিল।”

তিনি বলেন, “এই সময় ওর (হামলাকারীর) সঙ্গে আরও তিন-চারজন ছিল। তারা এসে আমার ওপর চড়াও হয় এবং ছেলেটাকে আমার হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। উল্টো তারা বলতে থাকে, তুই ককটেল মেরেছিস।”

জামিল বলেন, “এর মধ্যেই লোকজন জড়ো হতে থাকলে তারা আমার উপর দায় চাপিয়ে হামলাকারীকে নিয়ে যান। উপস্থিত লোকজন কিছু না বুঝেই সন্দেহ করে আমাকে মারধর করে এবং আমার মোবাইল ফোন ও মানিব্যাগ নেওয়ারও চেষ্টা করে।”

তিনি আরো বলেন, “কিছুক্ষণের মধ্যেই ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক শিপন ভাই আসেন। আমি তাকে ফোনটা দিয়ে বলি, নিজের জীবনের ঝুঁকি নিয়ে ককটেল বিস্ফোরণকারীকে ধরেছি, অথচ আমাকেই ফাঁসানো হলো।”

পরে তাঁকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়। জামিলের ভাষ্যমতে, থানায় নেওয়ার কিছুক্ষণ পর হামলাকারী অপর যুবককেও সেখানে আনা হয়। এ সময় তিনি পুলিশকে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ যাচাই করার অনুরোধ জানান।

এ বিষয়ে জামিল বলেন, “ওই ছেলে স্বীকার করে যে, সে ককটেল মেরেছে। সে এটাও স্বীকার করে যে আমাকে চেনে না, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তার ব্যাগে আরও একটা ককটেল ছিল।”

জামিল আরও জানান, পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। তদন্তের পর রাত চারটার দিকে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

দ্য ডিসেন্টের হাতে আসা একটি ভিডিওতে দেখা যায়, টিএসসিতে মেট্রোরেলের নিচে ককটেল বিস্ফোরণের পর প্রথমে একজন দৌড় দেয়। এর দুই সেকেন্ড পরেই কয়েকজন ধর ধর বলে হামলাকারীর পিছু ধাওয়া করে। সেখানে সাদা শার্ট পরা জামিলকেও অন্য সবার সাথে হামলাকারীর উদ্দেশ্যে দৌড়ে যেতে দেখা যায়। 

প্রত্যক্ষদর্শী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২৪-২৫ সেশনের একজন শিক্ষার্থী জানান, "হামলাকারী ককটেল ফুটিয়ে দৌড় দিলে কয়েকজন তার পিছনে ধর ধর বলে ধাওয়া করে। একসময় তাদেরকে ধরে ফেললে রাস্তার পাশ থেকে আরো তিন চারজন এসে বাকবিতন্ডায় জড়ায়। কে হামলাকারী সেটা নিয়েই তর্ক হয়। এক ফাঁকে আসল হামলাকারী পালিয়ে যায়। পরে ওখান থেকে সাদা শার্ট পরা একজনকে থানায় নিয়ে যাওয়া হয় সন্দেহভাজন হিসেবে, তবে তিনি হামলাকারী ছিলেন না। আমি তাকে পরে টিএসসির চা দোকানের এদিক থেকে ধর ধর বলে দৌড়ে যেতে দেখেছি।"

জামিলের সম্পৃক্ততা পাওয়া যায়নিঃ পুলিশ

এ বিষয়ে দ্য ডিসেন্টের সঙ্গে কথা বলেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান। তিনি বলেন, প্রাথমিক তদন্ত এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক অপর ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে জামিলের সম্পৃক্ততা পাওয়া যায়নি।

তিনি বলেন, “প্রাথমিক তদন্তে উনার সম্পৃক্ততা পাইনি। অন্য যাকে আটক করা হয়েছিল সেও জানিয়েছে যে জামিল জড়িত না। উনি মূলত উনার বন্ধুর সাথে ক্যাম্পাসে ঘুরতে এসেছেন। এ সময় তাকে লোকজন ভুল বুঝে আটক করে।

এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক শিপনকে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ব্যস্ত বলে জানান।