ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা খাতে সরকারি দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার ইউনিয়নগুলোতে বিশেষ বরাদ্দ দেওয়া হলেও বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকায় তা দেওয়া হয়নি বলে অভিযোগ তুলেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। জবাবে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, সরকারি ও বিরোধী দল নির্বিশেষে সব নির্বাচনী এলাকায় সমানভাবে উন্নয়ন করা হবে। এ ছাড়া বিরোধী দলের সংসদ সদস্যদের জন্য বরাদ্দসংক্রান্ত চিঠি আগামীকালের মধ্যেই বিরোধীদলীয় নেতার দপ্তরে পৌঁছে দেওয়া হবে।
সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম কার্যদিবসে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর কাছে প্রশ্নটি করেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।
প্রশ্নে তিনি বলেন, গত ১৩ অক্টোবর ২০২৬ তারিখে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা খাতে সরকারি দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার প্রতিটি ইউনিয়নে বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার কোনো ইউনিয়নেই এই বরাদ্দ দেওয়া হয়নি।
তিনি প্রতিমন্ত্রীর কাছে জানতে চান, বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার কোনো ইউনিয়নেই উন্নয়নের প্রয়োজন নেই, শুধু সরকারি দলের সংসদ সদস্যদের এলাকাতেই উন্নয়ন প্রয়োজন—এমন কোনো সিদ্ধান্ত বা প্রতিবেদন সরকারের কাছে রয়েছে কি না।
জবাবে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘প্রথমত, আমার জানামতে মাননীয় সংসদ সদস্যের নির্বাচনী এলাকায় মনে হয় কোনো ইউনিয়ন নেই। উনি তো মহানগর থেকে নির্বাচিত। উনার এলাকায় হয়তো দুটি-একটি থাকতে পারে।’
প্রতিমন্ত্রী আরও বলেন, বিরোধীদলীয় নেতা ও বিরোধী দলের সংসদ সদস্যদের তিনি আশ্বস্ত করতে চান, সব নির্বাচনী এলাকায় সমানভাবে উন্নয়ন করা হবে। মসজিদ, মন্দির, অবকাঠামো উন্নয়ন এবং ইউনিয়নের উন্নয়নের বরাদ্দসংক্রান্ত চিঠিগুলো আগামীকালের মধ্যেই বিরোধীদলীয় নেতার মাধ্যমে বিরোধী দলের সব সংসদ সদস্যের কাছে পৌঁছে দেওয়া হবে।
তিনি বলেন, ‘এরকম হতাশ হবেন না। আগামীকালের মধ্যেই আমি বিরোধীদলীয় নেতার দপ্তরে পৌঁছে দেব ইনশাআল্লাহ।’