ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বা এনআইডি প্রদানের জন্য দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন বরারবর একটি অনুরোধ করেছে লন্ডনভিত্তিক ল ফার্ম ম্যাট্রিক্স চেম্বার্স।
ম্যাট্রিক্স চেম্বার্সের অনুরোধের প্রেক্ষিতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে শিরোনাম করেছে, “Sheikh Hasina seeks new passport to return to Bangladesh, government denies request” যার বাংলা অনুবাদ, “দেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, অনুরোধ প্রত্যাখ্যান করেছে সরকার।”
রয়টার্সের প্রতিবেদনে আরো বলা হয়, “ভারতে স্বেচ্ছানির্বাসন থেকে দেশে ফিরতে সোমবার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৪ সালে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর এ ধরনের যোগাযোগ তার পক্ষ থেকে এটিই প্রথম। তবে সরকার তার অনুরোধ প্রত্যাখ্যান করেছে।”
প্রতিবেদনে আরো বলা হয়, “দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে লেখা চিঠিতে লন্ডনভিত্তিক ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা বলেন, “অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ তার বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল করেছে বলে যে খবর এসেছে, তার পরিপ্রেক্ষিতে আমাদের মক্কেলের জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যুর প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি।”
রয়টার্সের বরাতে বাংলাদেশের মূলধারার অধিকাংশ সংবাদমাধ্যম ‘নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে হাসিনার আবেদন’ শীর্ষক শিরোনামে সংবাদ প্রকাশ করেছে।
‘দেশে ফিরতে দিল্লিতে পাসপোর্ট ও এনআইডির জন্য শেখ হাসিনার আবেদন’, শিরোনামে বিবিসি বাংলা খবর প্রকাশ করে। একইভাবে ডেইলি স্টারে প্রকাশিত প্রতিবেদনের শিরোনাম ছিলো, ‘নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে হাসিনার আবেদন’।
দেখুন বিবিসি বাংলা, ডেইলি স্টার, বিডিনিউজ, প্রথম আলো, যুগান্তর, ইত্তেফাক, বাংলা ট্রিবিউন, সমকাল, একাত্তরটিভি।
এসব খবরের ইন্ট্রোতে বলা হয়েছে, শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন।
তবে দ্য ডিসেন্টের যাচাইয়ে দেখা গেছে, শেখ হাসিনা পাসপোর্ট বা এনআইডির জন্য কোনো আনুষ্ঠানিক আবেদন করেননি। বরং তার পক্ষে লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্ট ও এনআইডি ফিরিয়ে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।
বাংলাদেশের ই-পাসপোর্টের জন্য আবেদন করতে হয় সরকারি ওয়েবসাইটের মাধ্যমে। এ ক্ষেত্রে অন্য কোনো প্রতিষ্ঠান বা আইনজীবী প্রতিষ্ঠানের মাধ্যমে সরাসরি পাসপোর্টের আবেদন করার সুযোগ নেই।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়নি আনুষ্ঠানিক আবেদনের কথা
রয়টার্সের প্রতিবেদনে লিখা রয়েছে, "In view of the reported revocation of her existing Bangladeshi passport and National Identity Card (NID) by the Interim Government and other authorities, I respectfully request that you take the necessary steps to issue a new Bangladeshi passport and National Identity Card for our client," Hasina's lawyers at London-based Matrix Chambers wrote to Preeti Rahman, acting high commissioner at Bangladesh's embassy in Delhi.”
অর্থাৎ, লন্ডনভিত্তিক ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে লেখা এক চিঠিতে শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার অনুরোধ জানিয়েছেন।
রয়টার্স সংবাদের শিরোনাম করেছে ‘Sheikh Hasina seeks new passport to return to Bangladesh, government denies request’।
রয়টার্সের পুরো প্রতিবেদনে কোথাও লেখা হয়নি যে হাসিনা নিজে পাসপোর্টের জন্য আনুষ্ঠানিক আবেদন করেছেন।
কী বলা আছে আইনী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পাঠানো চিঠিতে
দ্য ডিসেন্টের হাতে আসা ম্যাট্রিক্স চেম্বার্সের চিঠির শিরোনাম ছিলো, “Subject: Request for Issuance of a New Bangladeshi Passport and National Identity Card to Former Prime Minister Sheikh Hasina”
অর্থাৎ, “বিষয়: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যুর অনুরোধ।”
চিঠিতে আরো বলা হয়, “I write in my capacity as legal counsel representing Her Excellency Sheikh Hasina, former Prime Minister of the People's Republic of Bangladesh. In view of the reported revocation of her existing Bangladeshi passport and National Identity Card (NID) by the Interim Government and other authorities, I respectfully request that you take the necessary steps to issue a new Bangladeshi passport and National Identity Card for our client.”
অনুবাদ, “আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধিত্বকারী আইনজীবী হিসেবে এই চিঠি লিখছি। অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ কর্তৃক তার বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিলের খবরের পরিপ্রেক্ষিতে, আমি অনুরোধ করছি, আপনারা যেন আমাদের মক্কেলের জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন।”
পাসপোর্টের আবেদন ব্যক্তির নিজেকে করতে হয়
বাংলাদেশের ই-পাসপোর্টের জন্য আবেদন করতে হয় সরকারি ওয়েবসাইটের মাধ্যমে। এ ক্ষেত্রে অন্য কোনো প্রতিষ্ঠান বা আইনজীবী প্রতিষ্ঠানের মাধ্যমে সরাসরি পাসপোর্টের আবেদন করার সুযোগ নেই। আবেদনকারীকে ই-পাসপোর্টের সরকারি ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হয়। আবেদনের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অথবা জন্মনিবন্ধন সনদ ব্যবহার করতে হয়।
সরকারি নির্দেশনা অনুযায়ী, কূটনৈতিক পাসপোর্টের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও ওয়েলফেয়ার উইং (Consular and Welfare Wing) অথবা ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের প্রধান কার্যালয় বরাবর আবেদনপত্র দাখিল করতে হয়। বিদেশে অবস্থিত বাংলাদেশি মিশনের মাধ্যমে নতুন পাসপোর্টের আবেদন করা হলে স্থায়ী ঠিকানার ঘরে বাংলাদেশের যোগাযোগের ঠিকানা উল্লেখ করতে হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনাসহ সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে।
এ বিষয়ে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এ টি এম আবু আসাদের সঙ্গে যোগাযোগ করে দ্য ডিসেন্ট। তিনি বলেন, “এভাবে পাসপোর্টের আবেদন করার সুযোগ নেই। পাসপোর্টের আবেদন নিজে অনলাইনে করতে হয়। সবার ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য।”
শেখ হাসিনার আবেদনের বিষয়ে বাংলাদেশ সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য ডিসেন্টকে বলেন, “আমার জানামতে, হাসিনার ল’ ফার্মের মাধ্যমে অনুরোধ জানানো ছাড়া কোনো আনুষ্ঠানিক আবেদন করা হয়নি।”
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও এই রিপোর্ট লেখা পর্যন্ত সাড়া পাওয়া যায়নি।