Image description

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলামের গ্রেফতার ও কারাগারে অন্তরীণ থাকার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জাতীয় সংসদকে অবহিত করেছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনে কার্যপ্রণালি বিধির ১৭৬ বিধি অনুযায়ী এ সংক্রান্ত প্রাপ্ত পত্রটি পাঠ করে তিনি সংসদ সদস্যদের এ তথ্য জানান।

স্পিকার জানান, গত ২০ সেপ্টেম্বর শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর ১৬৯৫) করা হয়। ওই জিডি মূলে শেরেবাংলা নগর থানা পুলিশের একটি দল মানিক মিয়া অ্যাভিনিউ এলাকার ন্যাম ভবনের ৫ নম্বর বিল্ডিংয়ের তৃতীয় তলার ২০৩ নম্বর বাসা থেকে এমপি জি এম নজরুল ইসলামকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।

পরে সাতক্ষীরার শ্যামনগর থানার ১৮৬০ সালের দণ্ডবিধির ৩০৬ ধারায় (আত্মহত্যায় প্ররোচনা) দায়ের করা একটি মামলার (মামলা নম্বর ১৬, জিআর নম্বর ১৯৭) সঙ্গে তার সম্পৃক্ততা পাওয়া যায়। ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে ২১ সেপ্টেম্বর শেরেবাংলা নগর থানা পুলিশ তাকে গ্রেফতার দেখায়।

স্পিকার আরও জানান, গ্রেফতারের পর তাকে ঢাকার ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে বন্দি রয়েছেন।

সংসদের কার্যপ্রণালি বিধির ১৭৬ বিধির আলোকে ১৭২ বিধি অনুযায়ী কোনো সংসদ সদস্যের গ্রেফতারের পত্র পাওয়ার পর তা দ্রুত সংসদে পাঠ করার বিধান রয়েছে। সেই নিয়ম অনুযায়ীই স্পিকার বিষয়টি সংসদকে অবহিত করেন।

স্পিকারের এই ঘোষণার পর মাগরিবের নামাজের জন্য সংসদের বৈঠক ৩০ মিনিটের জন্য মুলতবি করা হয়।