Image description

দেশের প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম এবং প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের কার্যক্রম চলছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। সোমবার (৯ অক্টোবর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলীর প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

নেওয়াজ হালিমা আরলী জানতে চান, তরুণদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা এবং মাদকাসক্তি ও কিশোর গ্যাংয়ে জড়ানোর ঝুঁকি কমাতে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে উন্মুক্ত ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণে সরকারের পরিকল্পনা কী।

জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, তৃণমূল থেকে ক্রীড়া প্রতিভা বিকাশ এবং তরুণদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার মাধ্যমে ইউনিয়ন পর্যায়ের ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের অংশগ্রহণে ১০টি খেলায় প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। খেলাগুলো হলো ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, ভলিবল, টেবিল টেনিস, সাঁতার, দাবা ও মার্শাল আর্ট।

প্রতিমন্ত্রী আরও জানান, ৪৯৫টি উপজেলায় ক্রীড়া কার্যক্রম পরিচালনায় উপজেলা ক্রীড়া কর্মকর্তা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে আটটি খেলার প্রতিটির জন্য তিনজন করে ক্রীড়া শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে।

তিনি বলেন, তরুণদের মাদক ও কিশোর গ্যাং থেকে দূরে রাখা এবং ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে যুক্ত করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও বিভিন্ন ক্রীড়া সংগঠনের সমন্বয়ে কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। এর আওতায় ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা ও প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে।