Image description

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ যেভাবে ক্রিকেট খেলছিল, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে দুই টেস্টের সিরিজে তার ধারেকাছেও যেতে পারেনি দল। এই সিরিজে নিজেদের সামর্থ্যের ৫০ শতাংশ ক্রিকেটও খেলতে পারেনি বাংলাদেশ। ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং—কোনো বিভাগেই প্রত্যাশা পূরণ হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

সোমবার (৯ নভেম্বর) সিলেট টেস্ট ড্রয়ের পর সংবাদ সম্মেলনে শান্ত জানিয়েছেন, ব্যর্থতার দায় তিনি অন্য কারও ওপর চাপাতে চান না । পরিকল্পনা অনুযায়ী খেলতে না পারাকেই সিরিজে পিছিয়ে পড়ার প্রধান কারণ মনে করছেন অধিনায়ক।

এ নিয়ে তিনি বলেন, ‘আমরা ভালো ক্রিকেট খেলিনি, এটা মেনে নেওয়াটাই এখন খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, এই ফরম্যাটে আমরা যেভাবে খেলছিলাম, তার ৫০ শতাংশ ক্রিকেটও খেলতে পারিনি। পরিকল্পনা ও বাস্তবায়ন ভালো হলে ফল ভিন্ন হতে পারত।’

 

সিলেট টেস্টের শেষ দুই দিনে বাংলাদেশের লক্ষ্যও বদলে গিয়েছিল। চতুর্থ দিনের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজের লিড বড় হওয়ায় জয় নয়, ম্যাচ বাঁচানোর পরিকল্পনা নেয় স্বাগতিকেরা। পঞ্চম দিনে ৩৬৯ রানের লক্ষ্য সামনে থাকলেও শুরু থেকেই উইকেট ধরে রেখে দিন পার করার দিকে মনোযোগটা ছিল বাংলাদেশের। শান্ত বলেন, ‘তখনই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, কীভাবে সারাটা দিন ব্যাটিং করতে পারি। সেটাই লক্ষ্য ছিল। আলহামদুলিল্লাহ, আমরা ড্র করতে পেরেছি।’

তবে ঘরের মাঠে নিজেদের পছন্দের কন্ডিশন পুরোপুরি না পাওয়ার আক্ষেপ রয়েছে শান্তর। তিন স্পিনার নিয়ে খেললেও উইকেটে প্রত্যাশিত সময়ে টার্ন না আসায় হতাশা প্রকাশ করে অধিনায়ক বলেন, ‘স্পিন উইকেটে আমাদের খেলার পরিকল্পনা থাকলেও সিলেটে যে কন্ডিশন চেয়েছিলাম, সেটি পুরোপুরি পাইনি। আমরা ভেবেছিলাম স্পিন আরও আগে থেকে শুরু হবে।’

এই সিরিজে বাংলাদেশের স্পিনারদের পারফরম্যান্সও প্রত্যাশার ধারেকাছে না থাকার ব্যাপারে শান্ত বলেন, ‘এত তাড়াতাড়ি আমাদের স্পিনারদের ওপর থেকে ভরসা হারানো উচিত নয়। গত ১০-১২ বছর তারা যেভাবে অবদান রেখেছে, তাদের অবশ্যই কৃতিত্ব দেওয়া উচিত। দুই-তিনটি সিরিজ খারাপ যেতে পারে। তাদের পাশে থাকাটা গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি, তারা ঘুরে দাঁড়াবে।’

এই টেস্টে বাংলাদেশের বড় প্রাপ্তি হৃদয়ের ২৪২ রানের ইনিংস। আগের ম্যাচে রান না পেলেও সিলেটে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন এই ব্যাটসম্যান। তাঁর ব্যাটিং নিয়ে শান্ত বলেন, ‘নিচের সারির ব্যাটসম্যানদের সঙ্গে হৃদয় যেভাবে ব্যাটিং করেছে, অনেক অভিজ্ঞ ক্রিকেটারও সব সময় এটা করতে পারে না। আমরা পাঁচ-ছয় নম্বরে এমন একজনকে খুঁজছিলাম, যে দীর্ঘ সময় ব্যাটিং করতে পারবে। ও যদি এভাবে চালিয়ে যেতে পারে, সেটি দলের জন্য অনেক ভালো হবে।’

দুই পেসার নিয়ে খেলার সিদ্ধান্তের ব্যাখ্যায় শান্ত জানিয়েছেন, প্রতিপক্ষের শক্তি ও দুর্বলতা বিবেচনা করেই এই কম্বিনেশন বেছে নেওয়া হয়েছিল। তবে নাহিদ রানা দলে থাকলে পরিকল্পনায় ভিন্নতা আসতে পারত বলেও জানিয়েছেন অধিনায়ক।