Image description

'নতুন পথে প্রত্যাবর্তন' প্রতিপাদ্যে অন্ধকার জীবন ছেড়ে আলোর পথে ফিরতে এসআরবি'র উদ্যোগে সিরাজগঞ্জ এসআরবি-১২ হেডকোয়ার্টারে আত্মসমর্পণ করেছেন সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার ৬৫ জন্য চরমপন্থী সদস্য।

আজ রবিবার বেলা সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জ স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১২ (এসআরবি-১২) সদর দপ্তরে আত্মসমর্পণ অনুষ্ঠানটি শুরু হয়।

এরপর পালাক্রমে বক্তব্য রাখেন অতিথিরা। এরপর আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন তারা।

এসআরবি সূত্র জানায়, আত্মসমর্পণকারী ৬৫ জনের মধ্যে সিরাজগঞ্জ জেলার ৭ জন, রাজবাড়ী জেলার ১৩ জন ও পাবনা জেলার ৪৫ জন চরমপন্থী সদস্য রয়েছেন।

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১২ (এসআরবি-১২) সদর দপ্তরের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মো. আতিকুর রহমান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য মো. আমিরুল ইসলাম খান আলিম, এসআরবির মহাপরিচালক আহসান হাবিব পলাশ, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল ইফতেখার আহমেদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাইদ ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার শাহানা আখতার জাহান।

এ সময় সিরাজগঞ্জ এবং নাটোর জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেন, যারা এখনো ভুল পথে আছেন তাদের অনুরোধ করব এখনই সঠিক পথে চলে আসুন। আমরা কেউ জন্মগ্রহণ করেই সর্বহারা, চরমপন্থী হই না। বিভিন্ন কারণে ভুল পথে যাই। সেজন্য আপনারা আজ যারা ভুল পথ থেকে সঠিক পথে আসলেন আপনাদের সঙ্গে আরো যারা আছে তাদের সঠিক পথে নিয়ে আসবেন।