Image description

পারস্য উপসাগর অতিক্রমের সময় ‘অজ্ঞাত বস্তুর’ আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে কাতারের একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী (এলএনজি) জাহাজ। তবে এ ঘটনায় জাহাজের কোনো নাবিক আহত হননি। পরিবেশেরও কোনো ক্ষতি হয়নি।

 

রোববার (১ নভেম্বর) কাতার গ্যাস ট্রান্সপোর্ট কোম্পানির বিবৃতির বরাতে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

 

কাতার নিউজ এজেন্সির (কিউএনএ) প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় উপসাগরীয় জলসীমা অতিক্রমের সময় ‘আল মায়েদা’ নামের জাহাজটি এ ঘটনার শিকার হয়।

 

‘নাকিলাত’ নামে পরিচিত কাতারি কোম্পানিটি কাতার স্টক এক্সচেঞ্জে প্রকাশিত বিবৃতিতে বলেছে, ‘জাহাজে থাকা কোনো নাবিকই আহত হননি এবং এই ঘটনার ফলে পরিবেশের ওপরও কোনো নেতিবাচক প্রভাব পড়েনি।’

 

  •  

কোম্পানিটি জানিয়েছে, জাহাজটি বর্তমানে নিরাপদ অবস্থায় রয়েছে এবং সচল আছে। তবে কেউ এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি।

 

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালি এবং বৃহত্তর উপসাগরীয় অঞ্চলে জাহাজ চলাচল নিয়ে উত্তেজনা বেড়েছে। ওই অঞ্চলে বিভিন্ন জাহাজে হামলার জন্য ইরানকে দায়ী করা হচ্ছে। এসব ঘটনার মাধ্যমে নৌপথে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে তেহরান বলে অভিযোগ রয়েছে।

 

ইরানের দাবি, ওই অঞ্চল দিয়ে চলাচল করতে হলে জাহাজগুলোকে দেশটির অনুমতি নিতে হবে। এর জবাবে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপ করেছে। এদিকে, চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী দেশ হিসেবে কাতার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা পুনরায় শুরুর লক্ষ্যে সাম্প্রতিক দিনগুলোতে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে।