Image description

ভারত থেকে আমদানি করা চালে ক্যানসার সৃষ্টির বিষাক্ত উপাদান আফলাটক্সিনের উপস্থিতি পাওয়া গেছে। চট্টগ্রামের হালিশহর ও দেওয়ানহাট সেন্ট্রাল স্টোরেজ ডিপোতে (সিএসডি) মজুত করা চালের নমুনায় এ উপাদান শনাক্ত হওয়ার পর চাল বিতরণ সাময়িক বন্ধ রেখেছে খাদ্য অধিদপ্তর। একই সঙ্গে চালের মান নিশ্চিত করতে অধিকতর পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হালিশহর সিএসডির ব্যবস্থাপক মাহমুদ হাসান বলেন, ‘আমদানির পর নিয়ম অনুযায়ী চাল পরীক্ষা করা হয়। ভারত থেকে আসা একটি চালানের নমুনায় আফলাটক্সিনের উপস্থিতি পাওয়া যায়। এরপর ১৭ আগস্ট তিন সদস্যের একটি প্রতিনিধিদল দ্বিতীয় দফায় নমুনা সংগ্রহ করে। পরে ভারত থেকে আসা ১৩৫ টন চাল বিতরণ সাময়িক বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।’ জানা গেছে, সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনালের মাধ্যমে ৫০ হাজার টন চাল আমদানির চুক্তি হয়েছিল। ২১ জুলাই ‘এমভি এইচটি পাইওনিয়ার’ জাহাজে চূড়ান্ত চালানের ১০ হাজার ৮৭৮ টন চাল চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। পরদিন নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়। প্রাথমিক পরীক্ষায় চালগুলো খাওয়ার উপযোগী বলে জানানো হয়েছিল। এরপর ২৪ ও ২৫ জুলাই চাল খালাসের অনুমতি দেওয়া হয়। পরে চালের মান নিয়ে প্রশ্ন ওঠায় দ্বিতীয় দফা পরীক্ষা করা হয়। এতে আফলাটক্সিনের উপস্থিতি পাওয়া যায়। এ পরীক্ষার ফল নিয়ে সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে মতপার্থক্য দেখা দেওয়ায় অধিকতর পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।