Image description
 

রাজধানীর হাজারীবাগে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে ঘটনাস্থলে যাওয়া পুলিশের টহল দলের ওপর হামলা, সরকারি পিকআপ ভ্যান ভাঙচুর ও গাড়িচালককে ধারালো অস্ত্র দিয়ে জখম করার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে হাজারীবাগ থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন— মো. বিল্লাল হোসেন সানি (২০), আফসানা আক্তার রিয়া (২৪), ফাতেমা আক্তার সনিয়া (৩৭), মো. রুবেল মাজি ওরফে রড রুবেল (৩০) এবং মাইদুল ইসলাম তামিম (২০)। 

হাজারীবাগ থানা পু‌লি‌শের বরাত দি‌য়ে ডিএম‌পির মি‌ডিয়া শাখার ডি‌সি মো. আকতার হো‌সেন ব‌লেন, ‘শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ২টা ২৫ মিনিটে ৯৯৯ নম্বরে চর ওয়াশপুর এলাকার একটি বাড়ির ছাদে অনধিকার প্রবেশের অভিযোগ পেয়ে হাজারীবাগ থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে যায়।’  

পুলিশ অভিযোগের বিষয়ে অনুসন্ধানকালে অতর্কিতভাবে তা‌দের ওপর হামলা চালায়। এ সময় তারা ধারালো চাপাতি দিয়ে টহল দলের গাড়িচালক কনস্টেবলের ডান হাতের কবজি ও ডান কাঁধে গুরুতর আঘাত করে এবং সরকারি পিকআপ ভ্যানের গ্লাস ও বডি ভাঙচুর করে। 

প‌রে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়। আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং পরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়।  

এ ঘটনায় হাজারীবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের ১০ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে। 

এ ঘটনায় জড়িত পলাতক আসামিদের গ্রেফতারে হাজারীবাগ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।