সুনামগঞ্জের শাল্লায় জমি নিয়ে বিরোধের জেরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার সমর্থকদের হাতে বিএনপি কর্মী এবং দিনাজপুরের ফুলবাড়ীতে চুরির অভিযোগে যুবককে মারধরের সময় রক্ষা করতে গিয়ে চাচাতো ভাই নিহত হয়েছেন। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে কয়েকজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বিশেষ প্রতিনিধি, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-
সুনামগঞ্জ : জমিজমা নিয়ে বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষে মন্নান মিয়া (৬০) নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার আটগাঁও ইউনিয়নের নিজগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মন্নান মিয়া ওই গ্রামের আবদুল হেকিমের ছেলে ও স্থানীয় বিএনপির কর্মী। স্থানীয় সূত্রে জানা যায়, নিজগাঁও গ্রামের বাসিন্দা কার্যক্রম নিষিদ্ধ আটগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আজব আলী এবং ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক রউফ মিয়ার মধ্যে জমিজমা ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তারা পরস্পর চাচাতো ভাই। গতকাল দুপুরে বিরোধপূর্ণ জায়গায় রউফ মিয়া বেড়া দিলে আজব আলীর লোকজন তুলে ফেলতে যায়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টির একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে রউফ মিয়ার পক্ষের মন্নান মিয়া গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। শাল্লা উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আবদুল আওয়াল বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সভাপতি আজব আলীর সঙ্গে কৃষক দল নেতা রউফ মিয়ার পক্ষের সংঘর্ষে বিএনপির কর্মী মন্নার মিয়া নিহত হয়েছেন।
দিনাজপুর : ফুলবাড়ীতে গরু চুরির সন্দেহে এক যুবককে মারধরের সময় তাকে রক্ষা করতে গিয়ে রুহুল আমিন নামে তার চাচাতো ভাই নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রুহুল আমিনের মৃত্যু হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহত রুহুল আমিন (৩৫) ফুলবাড়ীর খয়েরবাড়ী ইউপির অম্রবাড়ী গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বগুড়া : জেলার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ক্ষুদ্র ফুলকোট গ্রামে টুলু মিয়া (৫০) নামে এক ব্যক্তির অর্ধ গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে নিজ ঘরের ভিতরে তাঁর গলা কাটা লাশ দেখতে পান তার মেয়ে। জানা যায়, টুলু মিয়ার স্ত্রী প্রবাসে থাকেন। তাঁর দুই মেয়ে জেমি ও জুথি আক্তার বিবাহিত। তিনি বাড়িতে একাই বসবাস করতেন। গত কয়েক দিন ধরে অসুস্থ থাকায় তাঁর ছোট মেয়ে জুথি আক্তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন। জুথির দাবি, অসুস্থতার কারণে তাঁর বাবা নিজেই ধারালো বঁটি দিয়ে গলায় আঘাত করেছেন। স্থানীয়দের ধারণা, অসুস্থতার কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তিনি নিজেই রাতে ধারালো ছুরি দিয়ে গলায় আঘাত করেছেন বা অন্য কেউ হত্যার উদ্দেশে আঘাত করে থাকতে পারেন। তবে এটি আত্মহত্যা, নাকি অন্য কোনো কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নেত্রকোনা : পারিবারিক বিরোধের জেরে কলমাকান্দায় দ্ইু পক্ষের সংঘর্ষে ট্যাটাবিদ্ধ হয়ে সাদ্দাম হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাতে জেলার পোগলা ইউনিয়নের খাতে সালেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাদ্দাম ওই গ্রামের আবুল হাশিমের ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে খাতে সালেঙ্গা গ্রামের জামাল মিয়ার অপ্রাপ্তবয়স্ক মেয়েকে নিয়ে যায় হক্কুনের ছেলে। এমন অভিযোগের ঘটনায় জামাল মামলা করলে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এ বিরোধের পাশাপাশি মাদক কারবারির অভিযোগ নিয়েও এলাকায় উত্তেজনা ছিল। এর জেরে শুক্রবার রাতে চাঁন মিয়া ও হক্কুনের পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সৃষ্ট সংঘর্ষে জড়ায়। এ সময় ট্যাটাবিদ্ধ হন সাদ্দাম নামের এক যুবক।
চট্টগ্রাম : জেলার ফটিকছড়ি উপজেলার জাফতনগর এলাকায় অজ্ঞাত এক বৃদ্ধ নারীর বিবস্ত্র লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৬০ বছর। গতকাল উপজেলার জাফতনগর ইউনিয়নের জাহানপুর কলেজ রোডের একটি নার্সারির পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ নাসির জানান, ভোরে স্থানীয় এক মাওলানা নার্সারি সড়কের পাশে লাশ পড়ে থাকতে দেখেন। তিনি বিষয়টি জানালে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে জাহানপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। এ সময় ওই ব্যক্তির শরীরে কোনো কাপড় ছিল না এবং চুল লম্বা।
রাজশাহী : জেলার গোদাগাড়ীতে ধানখেত থেকে এক কিশোর রিকশাচালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রিকশাটি ছিনিয়ে নিতে তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। নিহত শিহাব আলী (১৬) গোদাগাড়ী পৌরসভার বারুইপাড়া মহল্লার সোহেল রানার ছেলে। গতকাল সকালে উপজেলার কলিপুর এলাকায় দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে স্থানীয়রা একটি ধান খেতে শিহাবের অর্ধগলিত লাশ দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হয়।
ফটিকছড়ি : জেলার ফটিকছড়িতে ষাটোর্ধ্ব এক অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল ভোর ৫টার দিকে উপজেলার জাফতনগর ইউনিয়নের জাহানপুর কলেজ রোডসংলগ্ন নার্সারি সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে সড়কের পাশে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে বিষয়টি ইউপি সদস্য মোহাম্মদ নাসিরকে জানানো হলে তিনি পুলিশকে খবর দেন। উদ্ধারকালে ওই ব্যক্তির শরীরে কোনো পোশাক ছিল না। মাথায় ছিল লম্বা চুল। তবে তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় জানা যায়নি।