পাবনার সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে বজ্রপাতে নিহত ছয় শিশু-কিশোরকে একই কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় মহাদেবপুর গোরস্থান মাঠে তাঁদের জানাজা অনুষ্ঠিত হয়। পরে জানাজা শেষে একই কবরস্থানে সারিবদ্ধভাবে দাফন করা হয় ছয়জনকে।
এর আগে শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে মালঞ্চি ইউনিয়নের সোনাপাতি বিলে বজ্রপাতে তাঁদের মৃত্যু হয়।নিহতরা হলেন- মালঞ্চি ইউনিয়নের গজমতিকুন্ডা এলাকার রবিউল ইসলামের ছেলে শাওন (২৪), নলমুড়া এলাকার ইসমাইল মোল্লার ছেলে রব্বেল মোল্লা (২০), শাহজাহান প্রামানিকের ছেলে মিজানুর রহমান (১০), নাজিম উদ্দিনের ছেলে সাজিদ (১৪), শাহাদুলের ছেলে আব্দুল্লাহ (১৮) এবং ইবাদুলের ছেলে ইমন (১৪)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে বিভিন্ন এলাকা থেকে কয়েকজন ওই বিলে মাছ ধরতে যান। বিকেলে বৃষ্টির মধ্যে আটজন বিলের একটি টং ঘরে আশ্রয় নেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়।
গুরুতর আহত হন আরও দুজন।
বজ্রপাতের পর হতাহতরা বেশ কিছুক্ষণ টং ঘরেই পড়ে ছিলেন। সন্ধ্যার দিকে আশপাশের এলাকার লোকজন বিষয়টি জানতে পেরে তাঁদের উদ্ধার করেন। পরে আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়।পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা জানিয়েছেন, নিহতদের জানাজা সম্পন্ন হয়েছে। প্রত্যেক নিহতের পরিবারকে সরকারের বজ্রপাতে নিহত ও আহতদের আর্থিক সহায়তা নীতিমালার আওতায় ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। আহতদের পরিবার পাবে ২০ হাজার টাকা করে।
শীর্ষনিউজ