প্রায় ২ মাসের অপেক্ষা শেষে আজ শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। দেশের ১১টি শিক্ষাবোর্ডে ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী, ফেল করেছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী। পাসের হার ৫২.১২ শতাংশ, তাতে ২০০৪ সালের পর সর্বনিম্ন পাসের হার দেখেছেন শিক্ষার্থীরা।
ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, দেশের ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ও ময়মনসিংহ বোর্ডসহ মোট ৯ টি শিক্ষাবোর্ডে তিন বিভাগে ১০ লাখ ৪৮ হাজার ৫৩০ জন শিক্ষার্থীর মধ্যে ৩৫ হাজার ৯৪৮ শিক্ষার্থী প জিপিএ-৫ বা এ + পেয়েছেন। যেটি মোট শিক্ষার্থীর ৩.৪৩ শতাংশ।
মোট ১ লক্ষ ২৭ হাজার ৮৯০জন শিক্ষার্থী পেয়েছেন ‘এ -’ গ্রেড। শতকরা হিসেবে যেটি ১২.২ শতাংশ। ১ লক্ষ ২১ হাজার ৯০ জন শিক্ষার্থী পেয়েছেন এ গ্রেড (১১.৫৫ শতাংশ)। বি গ্রেড পেয়েছেন ১ লক্ষ ২৫ হাজার ৮৭৩ জন শিক্ষার্থী। শতাংশের হিসেবে যেটি মোট শিক্ষার্থীর ১২ শতাংশ।
এবারের এইচএসসিতে ‘সি’ পেয়েছেন ১ লক্ষ ২১ হাজার ৭১০ জন শিক্ষার্থী। যা মোট শিক্ষার্থীর ১১.৬১ শতাংশ। ‘ডি’ গ্রেড পেয়েছেন ৮ হাজার ৭৩৮ জন শিক্ষার্থী।
এবারের এইচএসসি পরীক্ষায় দেশে প্রথমবারের মতো অভিন্ন প্রশ্নপত্রের পরীক্ষা হয়েছে। পাশাপাশি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে কড়াকড়ি ও পরীক্ষার হল গার্ডে ভিন্নতা নিয়ে এসেছে শিক্ষা বোর্ড। এবছর দেশের মোট ১২ লাখ শিক্ষার্থীদের মধ্যে পাসের হার ৫২.১২ শতাংশ। যেটি গত দশ বছরের মধ্যে সর্বনিম্ন।