এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর রাজধানীর মিষ্টির দোকানগুলোতে অন্যান্য বছরের মতো ক্রেতাদের ভিড় দেখা যায়নি। প্রত্যাশা অনুযায়ী বিক্রি না হওয়ায় কিছুটা হতাশ ব্যবসায়ীরা। তবে আগামী এক-দুই দিনের মধ্যে বিক্রি বাড়তে পারে বলে আশা করছেন তারা।
রাজধানীর বিভিন্ন মিষ্টির দোকানে দেখা যায়, ফল প্রকাশের পর শিক্ষার্থীদের মধ্যে মিষ্টি কেনার আগ্রহ থাকলেও অন্যান্য বছরের তুলনায় ক্রেতাদের উপস্থিতি কম।
সকাল থেকে কয়েক দফা বৃষ্টি হওয়ায় দোকানগুলোতে ক্রেতাদের আনাগোনাও কিছুটা কম ছিল বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর বিজয়নগরে মুসলিম সুইটসের ক্যাশিয়ার রফিকুল ইসলাম বলেন, এবার পাসের হার কম। তবে প্রস্তুতি হিসেবে আমরা প্রায় ৫০ শতাংশ বেশি মিষ্টি তৈরি করেছি। কিন্তু সেই অনুপাতে বিক্রি হয়নি।
তিনি বলেন, সার্বিক বিবেচনায় বিক্রি মোটামুটি বেড়েছে, তবে আমরা যেমনটা আশা করেছিলাম, তেমন হয়নি।
মালিবাগের বনফুল সুইটসেও কিছু ক্রেতাকে মিষ্টি কিনতে দেখা গেছে। তবে দোকানটির ব্যবস্থাপক জানান, অন্যান্য বছরের তুলনায় এবার সামগ্রিক বিক্রি কম। ফল প্রকাশের পরপরই দোকানগুলোতে যে ধরনের ভিড় দেখা যেত, এবার তা নেই।
মিষ্টি কিনতে আসা রফিকুল ইসলাম নামের একজন অভিভাবক বলেন, মেয়ের ফল ভালো হয়েছে। তাই পরিবারের সবাই মিলে মিষ্টি কিনতে এসেছি। তবে এবার অনেকের ফল প্রত্যাশা অনুযায়ী হয়নি। সে কারণে হয়তো আগের মতো মিষ্টি কেনার উৎসাহ দেখা যাচ্ছে না।
শীর্ষনিউজ