বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় আলোচনায় এসেছেন তার বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপ। গত ২৭শে অক্টোবর সন্ধ্যা রাতে দীপের ফোনেই ফ্ল্যাট থেকে নিচে নেমে এসেছিলেন তাহসিফ। এরপর দীপের সঙ্গেই বাসা থেকে বের হয়েছিলেন। দু’জনে মিলে তাহসিফের মোটরসাইকেল মেরামত করান, পরে একসঙ্গে রাতের খাবার খান। তাহসিফের মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দীপকে হেফাজতে নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তাকে নিয়ে রাতভর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে পিবিআই। প্রশ্ন উঠেছে কে এই দীপ?
জানা গেছে, দীপের বাবার নাম সেলিম রেজা।
তার বাসা রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডে। ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে সদ্য গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন দীপ। তাহসিফের সঙ্গে তার ৬ বছরের পরিচয়। তাহসিফ বয়সে বড় হওয়ায় তাকে ভাই ডাকতেন দীপ। তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম হেলাল জানিয়েছিলেন, তার ছেলে সম্প্রতি নিরাপত্তাকর্মী সরবরাহের ব্যবসা শুরু করেছিলেন। সেই ব্যবসার কাজ দেখাশোনা করতেন দীপ। ব্যবসার বিষয়টি স্বীকারও করেছিলেন দীপ। নিখোঁজ হওয়ার আগে তাহসিফের সঙ্গে দীর্ঘ ছয় ঘণ্টা সময় কাটিয়েছিলেন তিনি।
এদিকে, দীপের বাবর রোডের বাসায় গিয়ে পাওয়া যায়নি পরিবারের কাউকে। বাসার নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা জানান, দীপ একজন শিক্ষার্থী। তাহসিফের সঙ্গে তার বন্ধুত্বের বিষয়ে কিছু জানেন না তারা। তবে ঘটনার দিন রাত আড়াইটার দিকে বাসায় ফেরেন দীপ।
উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর উত্তরার বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হন তাহসিফ। সেদিন রাত ১টা ৩৫ মিনিটে মাকে ভয়েস মেসেজ পাঠিয়ে বাসায় ফেরার কথা জানিয়েছিলেন তিনি। কিন্তু আর ফেরেননি। পরদিন বুধবার বিকালে উত্তরখান থানা এলাকার রাজবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। নিখোঁজ হওয়ার আগে একটি সিসিটিভি ফুটেজে দীপের সঙ্গে তাহসিফকে দেখা যায়। তাহসিফের মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নিয়েছে পিবিআই। বৃহস্পতিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের বাসভবন থেকে তাকে পিবিআইয়ের ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ে নেয়া হয়।