রাজবাড়ীর বালিয়াকান্দিতে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে রেললাইন দিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় ছাব্বির মৃধা (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার জামালপুর ফুটবল মাঠসংলগ্ন কালুখালী-ভাটিয়াপাড়া রেলপথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছাব্বির মৃধা বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের ডাঙ্গাহাতি মোহন গ্রামের সহিদ মৃধার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাব্বির কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে জামালপুর বাজারের ফুটবল মাঠসংলগ্ন রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন।
এ সময় ভাটিয়াপাড়া থেকে ছেড়ে আসা কালুখালীগামী ট্রেনটি দ্রুতগতিতে তাঁর দিকে এগিয়ে আসে। কানে হেডফোন থাকায় তিনি ট্রেনের হুইসেল শুনতে পাননি বলে ধারণা করা হচ্ছে। একপর্যায়ে ট্রেনের ধাক্কায় তিনি রেললাইনের পাশে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।ছাব্বিরের চাচা আলতাব মৃধা বলেন, “আমি জামালপুর বাজারে ছিলাম। এলাকার লোকজনের মাধ্যমে খবর পেয়ে সেখানে গিয়ে দেখি, আমার ভাতিজা ট্রেনের ধাক্কায় মারা গেছে। ”
রাজবাড়ী রেলওয়ে পুলিশ স্টেশনের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, “খবর পেয়ে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। ”
শীর্ষনিউজ