Image description

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে জাতীয় স্বার্থ, নিরাপত্তা ও ভৌগোলিক সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে কোনও উদ্যোগ বা সিদ্ধান্ত মেনে নেওয়ার কোনও সুযোগ নেই। জনগণ তা মেনে নেবে না। এ বিষয়ে কী হচ্ছে, তা জনগণের সামনে স্পষ্ট করতে হবে।’

বৃহস্পতিবার  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি একথা বলেন। 

জামায়াত আমির বলেন, ‘অতীতেও বাংলাদেশের স্বার্থের কথা বলে ট্রানজিট, করিডোর ইত্যাদি বিভিন্ন নামে সুযোগ-সুবিধা দেওয়া হলেও কার্যত বাংলাদেশ তার কোনও সুফলই পায়নি।’ 

তিনি বলেন, ‘জাপান, চীন বা যেকোনও বন্ধুরাষ্ট্রই হোক না কেন, সবার আগে বাংলাদেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও স্বার্থকে প্রাধান্য দিতে হবে।’ 

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের স্বার্থ ও নিরাপত্তা সুরক্ষার দায়িত্ব বাংলাদেশ সরকারের। এ ক্ষেত্রে সরকারের কোনও ব্যর্থতা কিংবা আপসকামিতা জনগণ একেবারেই দেখতে চায় না।’