সাইবার হামলার আশঙ্কায় জনতা ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইট বন্ধ রয়েছে। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ব্যাংক দুটির ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করে সেগুলো বন্ধ পাওয়া যায়। ওয়েবসাইটে রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলার কথা জানিয়ে শিগগিরই সেবা চালুর আশ্বাস দেওয়া হয়েছে। তবে একাধিকবার চেষ্টা করেও ওয়েবসাইটে প্রবেশ করা যায়নি। এর আগে সাইবার হামলার ঝুঁকি মোকাবিলায় গত বৃহস্পতিবার থেকে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়। তিন দিন পর গতকাল সকাল ৮টা থেকে ওয়েবসাইটটি আবার চালু করা হয়েছে।
একই আশঙ্কায় অগ্রণী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক ও এসবিএসি ব্যাংকের ওয়েবসাইটও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। বর্তমানে সেগুলো সচল রয়েছে। তবে ওয়েবসাইট বন্ধ থাকলেও গত তিন দিনে ব্যাংকগুলোর ইন্টারনেট ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন স্বাভাবিক ছিল। ফলে গ্রাহকদের লেনদেনে কোনো সমস্যা হয়নি। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ওয়েবসাইটে কোনো ত্রুটি আছে কি না, তা পরীক্ষা করা হয়েছিল। বিশ্বব্যাপী সাইবার হামলার আশঙ্কায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওয়েবসাইট বন্ধ রাখা হয়। ঝুঁকি কেটে যাওয়ায় এটি আবার চালু করা হয়েছে। এ নিয়ে গ্রাহকের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।
পিএইচপির নিরাপত্তাত্রুটি নিয়ে উদ্বেগ : পিএইচপি প্রোগ্রামিং ভাষার দুটি গুরুতর নিরাপত্তাত্রুটি শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সরকারি সেবা, ব্যাংকিং, ই-কমার্স, সংবাদমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের ওয়েবসাইট পরিচালনায় এ ভাষা ব্যবহৃত হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপির প্রতিবেদন অনুযায়ী, পিএইচপির ত্রুটি কাজে লাগিয়ে হ্যাকাররা পাসওয়ার্ড ছাড়াই দূর থেকে সার্ভারে অননুমোদিত নির্দেশনা কার্যকর করতে পারে। এতে সার্ভারের ফাইল, ডেটাবেস ও গুরুত্বপূর্ণ তথ্য ঝুঁকির মুখে পড়তে পারে।
এ পরিস্থিতিতে ফ্রান্স, নেদারল্যান্ডস ও বেলজিয়ামের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানও সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। বাংলাদেশে সংশ্লিষ্ট প্রযুক্তিবিদরা ওয়েবসাইটের নিরাপত্তা দুর্বলতা শনাক্ত ও সমাধানে কাজ করছেন। সরকারে এটুআই প্রকল্পের কর্মকর্তারা জানিয়েছেন, ন্যাশনাল পোর্টাল ফ্রেমওয়ার্কের আওতাধীন প্রায় ৩৬ হাজার ৫০০টি ওয়েবসাইট পিএইচপিতে তৈরি নয়। ফলে সেগুলো আলোচিত নির্দিষ্ট ত্রুটির সরাসরি ঝুঁকিতে পড়ার কথা নয়। এদিকে বিজিডি ই-গভ সার্ট সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে পিএইচপির সংস্করণ যাচাই, নিরাপত্তা হালনাগাদ এবং প্রয়োজনে সার্ভারে প্রবেশাধিকার সীমিত করার পরামর্শ দিয়েছে।