Image description

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় চোরাই মোটরসাইকেল বিক্রির সময় চার সহযোগীসহ আটক হয়েছেন বান্দরবান জেলা পুলিশের এক কনস্টেবল। মঙ্গলবার খুলশী থানা-পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। প্রাথমিক তদন্তে ওই পুলিশ সদস্যের একটি চোরাই মোটরসাইকেল চক্রের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) মো. ওয়াহিদুল হক চৌধুরী জানান, চোরাই মোটরসাইকেল বিক্রির সময় বান্দরবানের ওই কনস্টেবল ও তাঁর চার সহযোগীকে আটক করা হয়েছে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, চোরাই মোটরসাইকেল চক্রের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে প্রথমে চক্রের এক সদস্যকে আটক করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ কনস্টেবল অনিক দাশসহ অন্যদের গ্রেপ্তার করা সম্ভব হয়।

ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই পুলিশ সদস্যের চক্রটির সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় খুলশী থানায় একটি মামলা করা হয়েছে।

বান্দরবান জেলা পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চট্টগ্রাম নগরে চোরাই মোটরসাইকেল বিক্রির সময় তাঁর জেলার এক কনস্টেবল আটক হয়েছেন। মামলার কাগজপত্র হাতে পাওয়ার পর তাঁর বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।