Image description

শ্রীপুরে ৪০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ করায় এক নারী পোশাককর্মীকে তুলে নিয়ে হাত-পা বেঁধে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার রাতে ধনুয়া গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার রাতে শ্রীপুর মডেল থানায় চারজনকে আসামি করে মামলা করেছেন ভুক্তভোগী। অভিযুক্তদের মধ্যে দু’জনের নাম উল্লেখ করা হয়েছে। এজাহার অনুযায়ী, অভিযুক্ত ফারুক (৩২) ও নয়ন (১৯) সোমবার রাতে ভুক্তভোগীর বাসায় গিয়ে তার স্বামীকে মারধর এবং একটি কক্ষে আটকে রেখে ৪০ হাজার টাকা চাঁদা দাবি করেন। পরে রাত সোয়া ৯টার দিকে ফারুক ও নয়নের নেতৃত্বে চারজন ওই নারীকে বাসার পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যান। সেখানে তার হাত-পা বেঁধে পালাক্রমে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। ওই নারী শেরপুর জেলার বাসিন্দা।

তিনি স্বামীর সঙ্গে শ্রীপুর উপজেলার ধনুয়া হানু মার্কেট এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন এবং স্থানীয় একটি শিল্পপ্রতিষ্ঠানে কাজ করেন।
অভিযোগ, প্রায় ছয় মাস ধরে ওই এলাকায় বসবাস করছেন তারা। সম্প্রতি তাদের বাসায় চুরির ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে বাড়িভাড়া পরিশোধ করে সোমবার রাতে বাসা পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছিলেন তারা। এ সময় অভিযুক্তরা বাসায় এসে তার স্বামীকে মারধর ও আটকে রেখে চাঁদা দাবি করেন। পরে তাকে তুলে নিয়ে নির্যাতন করা হয় বলে অভিযোগ করেন তিনি।

ঘটনার পর অভিযুক্তদের ভয়ে তারা আইনের আশ্রয় নিতে পারেননি। পরে স্বজনদের সহায়তায় বুধবার রাতে শ্রীপুর থানায় গিয়ে মামলা করেন। স্থানীয়দের অভিযোগ, অভিযুক্তদের বিরুদ্ধে এলাকায় কিশোর গ্যাং পরিচালনা, কারখানার শ্রমিকদের মারধর এবং টাকা-পয়সা ছিনিয়ে নেয়ার মতো অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীনূর আলম জানান, মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। ভুক্তভোগী নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।