Image description

নড়াইল উপজেলার লাহুড়িয়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মো. শাহাদাত হোসেনকে সারের ডিলার হিসেবে নিয়োগ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ডিলার নিয়োগে চরম অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে লাহুড়িয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপি এ কর্মসূচির আয়োজন করে।

রোববার (১১ অক্টোবর) বিকেলে উপজেলার লাহুড়িয়া বাজারের মাগুরা বাসস্ট্যান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি বাজারের মাগুরা বাসস্ট্যান্ড থেকে শুরু করে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর ও যুবলীগের চিহ্নিত নেতাকে কীভাবে সারের মতো গুরুত্বপূর্ণ জায়গায় ডিলার নিয়োগ দেওয়া হলো তা আমাদের বোধগম্য নয়। অবিলম্বে এই অগণতান্ত্রিক ও পক্ষপাতদুষ্ট নিয়োগ বাতিল করে ত্যাগী ও যোগ্য ব্যক্তিদের ডিলার নিয়োগ দিতে হবে। অন্যথায় আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।

 
 
 

তারা আরও বলেন, কৃষকরা যাতে ন্যায্যমূল্যে ও সময়মতো সার পায় তা নিশ্চিত করতে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।

 
 

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা বলেন মুনমুন সাহা বলেন, সার ডিলার নিয়োগে উপজেলাভিত্তিক একটি কমিটি করা হয়। ওই কমিটির সিদ্ধান্ত মোতাবেক সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।

 

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- লাহুড়িয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিল্টন জমাদ্দার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুন্সি মফিজুর রহমান, যুবদল নেতা মিজানুর রহমান, লাহুড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আলী মিয়া প্রমুখ।