রাজধানীর গুলশান আবাসিক এলাকার গৃহস্থালি বর্জ্য অপসারণের কাজকে কেন্দ্র করে গুলশান সোসাইটির কার্যালয়ে ঢুকে প্রতি মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১১ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর খিলক্ষেত থানাধীন আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. আনোয়ার (৩০), মো. নাজমুল (২৫) ও মো. জিদান মিয়া (১৯)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কার্যাদেশের ভিত্তিতে গুলশান সোসাইটি ওই এলাকার গৃহস্থালি বর্জ্য অপসারণের কাজ করে আসছে। সম্প্রতি ‘মাহাবুব ও রবিন গ্রুপ’ পরিচয় দিয়ে কয়েকজন ব্যক্তি সোসাইটির নিয়োগপ্রাপ্ত কর্মীদের হুমকি দিয়ে আসছিলেন। পাশাপাশি ‘রুবি এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানের লিফলেট বিতরণ করে বর্জ্য অপসারণের টাকা তাদের দিতে হবে বলে দাবি করেন তারা।
এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে কয়েকজন অস্ত্রধারী ব্যক্তি গুলশান সোসাইটির কার্যালয়ে প্রবেশ করেন। তারা অকথ্য ভাষায় গালিগালাজের পাশাপাশি প্রাণনাশের হুমকি দেন এবং বর্জ্যের কাজ করতে হলে প্রতি মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন।
এ ঘটনায় গুলশান থানার পুলিশ তদন্ত শুরু করে। ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করার পর শনিবার তাদের গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় গুলশান থানায় একটি নিয়মিত মামলা হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মো. আকতার হোসেন।