Image description

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে বর্তমানে সাজেকে অবস্থানরত পর্যটকদের নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।

 

রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় জেলা প্রশাসক নাজমা আমরাফীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনাকাঙ্ক্ষিত ও অনিবার্য পরিস্থিতির কারণে রোববার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ থাকবে। বর্তমানে সেখানে অবস্থানরত পর্যটকদের সোমবার (১২ অক্টোবর) বিকেল পাঁচটার মধ্যে সাজেক ত্যাগ করে নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।

 

প্রশাসন সূত্রে জানা গেছে, পর্যটকদের সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে সাজেক ভ্যালি আবার পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

 

এর আগে ‘সাজেক গণঅধিকার রক্ষা কমিটি’ ও ‘সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের’ ডাকে রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাজেক সড়কে অবরোধ কর্মসূচি পালিত হয়। এতে গঙ্গারাম উজবাজার এলাকায় প্রায় দেড় হাজার পর্যটক আটকা পড়েন বলে জানা গেছে। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হলে পর্যটকেরা সাজেক ও খাগড়াছড়ির দিকে ফিরতে শুরু করেন। এর মধ্যেই সাজেক ভ্যালি বন্ধের ঘোষণা দিল জেলা প্রশাসন।