চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ‘কথা আছে’ বলে ডেকে নিয়ে মো. বাবুল আক্তার (৩৫) নামে এক আদম কারবারিকে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বিদেশে লোক পাঠানো এবং রাশিয়ায় যুদ্ধে এক যুবকের মৃত্যুর জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা পুলিশের।
রোববার (৪ অক্টোবর) রাতে উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের কলমোগাড়া এলাকা থেকে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
নিহত বাবুল আক্তার দাইপুখুরিয়ার বাটা গ্রামের মৃত গোল মোহাম্মদের ছেলে। তিনি দুবাইপ্রবাসী ছিলেন এবং পাশাপাশি আদম ব্যবসা করতেন।
স্থানীয় ও নিহত ব্যক্তির পরিবারের অভিযোগ, রোববার বিকাল ৬টার দিকে বাড়ির পাশের একটি দোকান থেকে একই এলাকার সেনারুল, বশির ও কটাসহ কয়েকজন ‘কথা আছে’ বলে বাবুলকে ডেকে নিয়ে যায়। পরে কলমোগাড়া এলাকায় হাত-পা বেঁধে তাকে বেধড়ক মারধর করে ফেলে রেখে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, বাবুল আক্তার এলাকার এক ব্যক্তিকে রাশিয়ায় পাঠিয়েছিলেন। কিন্তু সেখানে যুদ্ধে গিয়ে ওই ব্যক্তি মারা যান। এ নিয়ে এলাকায় মীমাংসা হলেও দুই পক্ষের বিরোধ থেকেই যায়। সেই জের ধরে রাশিয়ায় মারা যাওয়া যুবকের লোকজন বাবুলকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
ওসি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে কাজ করছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।