হুতিদের থেকে বাব এল-মান্দেব প্রণালির কৌশলগত অবস্থানগুলো পুনরুদ্ধারে বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে সৌদি সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনী। সোমবার (৫ অক্টোবর) সামরিক ও সরকারি সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, প্রণালি সংলগ্ন ধুবাব জেলার বেশিরভাগ এলাকা পুনরুদ্ধার করেছে সরকারি বাহিনী।
তবে হুতিদের গণমাধ্যম সরকারি বাহিনীর এই অগ্রযাত্রার দাবিকে ‘সম্পূর্ণ অসত্য’ বলে উড়িয়ে দিয়েছে।
এর আগে গত মাসে ইরান সমর্থিত হুতিরা এই এলাকার বেশ কিছু গুরুত্বপূর্ণ অবস্থান দখল করে নিয়েছিল। যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের মধ্যেই ইয়েমেনে নতুন করে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার পর হুতিরা এই প্রণালির নিয়ন্ত্রণ নেয়। একই সঙ্গে সৌদি আরবের বিভিন্ন শহর ও তেল অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা তীব্র করে তারা।
রোববার ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রেসিডেন্ট রাশাদ আল-আলিমি হুতিদের কবল থেকে ভূখণ্ড পুনরুদ্ধারে সামরিক অভিযানের ঘোষণা দেন। তিনি বলেন, ‘সন্ত্রাসীদের দখল থেকে দেশ পুরোপুরি মুক্ত না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে।’
ইয়েমেন সরকার জানিয়েছে, রাজধানী সানাসহ একাধিক ফ্রন্টে একযোগে তারা এই আক্রমণ শুরু করেছে।
সোমবার সৌদি সরকার জানিয়েছে, বাব এল-মান্দেব এবং ইয়েমেনি স্থল বাহিনীকে সুরক্ষা দিতে হুতিদের শত শত লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে তারা। সবচেয়ে তীব্র লড়াই চলছে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকা এবং তাইজ শহরের পাহাড়ি অঞ্চলে।
রোববার রাতে হুতিরা তাইজ-এডেন সড়কের আল-তুরবাহ শহরের উঁচু পাহাড়ি এলাকায় অগ্রসর হয়ে সরকারি বাহিনীকে অবরুদ্ধ করে ফেলেছে। পাঁচটি সামরিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
এর আগে গত সপ্তাহে হুতিদের হামলায় ওই সড়কের একটি কালভার্ট ধ্বংস হওয়ায় যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়।
এদিকে হুতি নিয়ন্ত্রিত বার্তা সংস্থা সামরিক সূত্রের বরাতে দাবি করেছে, তারা তাইজ প্রদেশের আল-মাওয়াসিত জেলা থেকে সরকারি বাহিনীকে বিতাড়িত করে অন্তর্বর্তী প্রেসিডেন্ট আলিমির বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে।
তথ্যসূত্র: রয়টার্স