Image description

রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে অজ্ঞাত সংক্রমণে এক গবেষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ইরকুতস্ক অঞ্চলের শেলেখভ শহরের অ্যান্টি-প্লেগ রিসার্চ ইনস্টিটিউটে। ল্যাবরেটরিতে দুর্ঘটনার পর এই সংক্রমণ ছড়িয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনাটি নিয়ে সম্ভাব্য প্লেগ সংক্রমণের বিষয়েও তদন্ত শুরু হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

অজ্ঞাত নিউমোনিয়ায় মৃত্যু

রাশিয়ার ভোক্তা অধিকার ও মানবকল্যাণ তদারকি সংস্থা রসপোট্রেবনাদজোর জানিয়েছে, ওই গবেষকের অজ্ঞাত কারণে নিউমোনিয়া হয়েছিল। পরে তার মৃত্যু হয়।

ল্যাবের সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তির তথ্যের ভিত্তিতে সংস্থাটি জানিয়েছে, রোগটির কারণ তখনও শনাক্ত করা যায়নি। তবে এখন পর্যন্ত কোনো কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি যে ওই ব্যক্তি প্লেগে আক্রান্ত ছিলেন।

বিজ্ঞাপন
 

কোয়ারেন্টাইনে প্রায় ২০০ জন

ঘটনার পর শেলেখভ ও আশপাশের এলাকায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। স্থানীয় কয়েকটি মাতৃসদনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

একই সঙ্গে কাছাকাছি একটি অ্যালুমিনিয়াম কারখানা এবং সংশ্লিষ্ট গবেষণাগারের কর্মীদের মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে।

স্থানীয় একটি স্বাধীন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই গবেষক যে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, সেখানে প্রায় ২০০ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বিজ্ঞাপন
 

তবে এই সংখ্যার বিষয়ে রাশিয়ার কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত কোনো তথ্য দেয়নি।

প্লেগের আশঙ্কা নিয়ে তদন্ত

পাশের বুরিয়াতিয়া প্রজাতন্ত্রের প্রধান জানিয়েছেন, এর আগে ২৮ বছর বয়সী এক কর্মীর মৃত্যু হয়েছিল। তার মৃত্যুর কারণ প্লেগ হতে পারে বলে আশঙ্কা করা হয়েছিল। এরপর আঞ্চলিক অ্যান্টি-এপিডেমিক কমিশনের জরুরি বৈঠক ডাকা হয়।

বিজ্ঞাপন

তবে ইরকুতস্ক ও শেলেখভের বর্তমান পরিস্থিতি স্থিতিশীল বলে জানিয়েছে রসপোট্রেবনাদজোর। কর্তৃপক্ষ আরও বলেছে, সেখানে প্লেগের কোনো প্রাদুর্ভাবের প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি।

 

সংস্পর্শে আসা ব্যক্তিদের পরীক্ষা

ইরকুতস্ক অ্যালুমিনিয়াম প্ল্যান্টের পরিচালক আর্তেম ফোমিনিখ জানিয়েছেন, মৃত ব্যক্তির সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করে পরীক্ষা করা হচ্ছে। এখন পর্যন্ত তাদের কারও মধ্যে রোগটির কোনো লক্ষণ পাওয়া যায়নি। পরীক্ষাগারের ফলও নেতিবাচক এসেছে বলে জানিয়েছেন তিনি।

রাশিয়ার সাবেক রসপোট্রেবনাদজোর প্রধান গেনাদি ওনিশচেঙ্কোও বলেছেন, প্লেগের প্রাদুর্ভাবের আশঙ্কা কম। তার মতে, প্লেগের বিষয়টি নিশ্চিত হলেও রোগটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই।

বিজ্ঞাপন

পরিস্থিতি পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র

রাশিয়ায় নিউমোনিক প্লেগের খবর সম্পর্কে যুক্তরাষ্ট্র অবগত রয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

একই সঙ্গে, রুশ কর্তৃপক্ষকে দ্রুত ও সঠিক তথ্য প্রকাশ করার আহ্বান জানিয়েছে তারা।

এদিকে স্থানীয় কর্তৃপক্ষ জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে।

সূত্র: জিও নিউজ, সিএনএন