Image description

চাঁদপুরের কচুয়ায় এক প্রবাসীর বাড়ির একটি ঘরে আগুন লাগার ঘটনায় রহস্য তৈরি হয়েছে। অগ্নিকাণ্ডের প্রায় দুই ঘণ্টা আগে ওই প্রবাসী ফেসবুকে মাদকবিরোধী একটি পোস্ট দেওয়ার পর তাঁর বাড়িতে আগুন লাগায় পরিবারের পক্ষ থেকে এটি পরিকল্পিত ঘটনা বলে অভিযোগ করা হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কচুয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কড়ইয়া গ্রামের মনগাজী বাড়িতে আমেরিকাপ্রবাসী সায়েম হাসানের একটি ঘরে আগুন লাগে।

পরিবারের সদস্যরা জানান, সায়েম হাসান দীর্ঘদিন ধরে কচুয়ায় মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছেন।

সমাজসেবামূলক কাজেও তিনি যুক্ত। ঘটনার প্রায় দুই ঘণ্টা আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘প্রত্যেকটা মাদক ব্যবসায়ীর বাড়ি জ্বালিয়ে দেওয়া হোক’ শিরোনামে একটি পোস্ট দেন তিনি।

সায়েম হাসানের বাবা মো. মনির হোসেন আগুন দেখতে পেয়ে বাইরে এসে চিৎকার শুরু করেন। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এর আগেই ঘরটির ভেতরের মালামাল পুড়ে যায়। আগুন নেভানোর পর ঘটনাস্থল থেকে একটি সচল লাইটার উদ্ধার করা হয়েছে বলে স্থানীয়রা জানান।

পরিবারের অভিযোগ, এটি দুর্ঘটনাজনিত আগুন নয়। মাদকবিরোধী পোস্ট ও কর্মকাণ্ডের জেরে প্রতিশোধ নিতে পরিকল্পিতভাবে ঘরে আগুন দেওয়া হয়ে থাকতে পারে।

তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছে।

এদিকে, এর আগে ২১ সেপ্টেম্বর কচুয়ার গোহট উত্তর ইউনিয়নের বাতাবাড়িয়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালানোর সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। কচুয়া থানা সূত্র জানায়, ওই অভিযানের সময় অন্ধকারের সুযোগ নিয়ে চিহ্নিত অপরাধীরা এক পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালায়। এতে থানার এক সহকারী উপপরিদর্শক (এএসআই) আহত হন।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম বলেন, প্রবাসীর ঘরে আগুন লাগার ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ করা হয়নি। তবে ২১ সেপ্টেম্বর পুলিশ কর্মকর্তার ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। ওই ঘটনায় জড়িত চিহ্নিত মাদক কারবারিদের একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।