Image description

রংপুরে ইয়াবা, ফেনসিডিল, হেরোইন, গাঁজাসহ বিভিন্ন মাদক কেনাবেচা ও পরিবহনে নারীদের ব্যবহারের অভিযোগ উঠেছে। গত এক সপ্তাহে নারী মাদক কারবারিদের কাছ থেকে অন্তত চারটি মাদকের চালান উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসব ঘটনায় ছয় নারীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় গঙ্গাচড়া উপজেলায় সাড়ে সাত কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রংপুর নগরীর বাবুপাড়া রেলগেট এলাকার আবদুল হকের স্ত্রী মণি (৩৫) এবং রবার্টসনগঞ্জ এলাকার মৃত মোরশেদ মিয়ার স্ত্রী মুন্নি বেগম (৫৫)। এ ঘটনায় এসআরবি বাদী হয়ে মামলা করেছে।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের ইসলামপুর এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৮৮ গ্রাম হেরোইনসহ জোসনা বেগম (৩৫) ও বেহুলা বেগম (৩৫) নামে দুই নারীকে গ্রেপ্তার করে এসআরবি। ২৭ সেপ্টেম্বর রাতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বনচুকি গ্রামে নুর ইসলাম শেখ ওরফে ভোলা (৪৫) ও তার স্ত্রী শাহনাজ বেগমকে (৪০) গ্রেপ্তার করা হয়। তাদের বাড়ির গোসলখানা থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ছাড়া ২৮ সেপ্টেম্বর রংপুর জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে মিঠাপুকুর থেকে ৮০টি ইয়াবা ট্যাবলেটসহ আইরিন বেগম (২৮) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, রংপুর নগরীসহ আশপাশের জেলাগুলোতে নিয়মিত মাদকের চালান আসছে। এসব চালানের একটি অংশ পরিবহন ও বিক্রিতে নারীদের ব্যবহার করা হচ্ছে। অভিযানে অনেকে ধরা পড়লেও অনেকে ধরাছোঁয়ার বাইওে থেকে যাচ্ছে। রংপুর এসআরবির সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বলেন, ‘মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এসআরবি-১৩-এর গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত থাকবে।’