Image description

চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের ‘ফারম্যাক স্টিল লিমিটেড’ কারখানায় ফার্নেসের ত্রুটির কারণে গলিত লোহা ছিটকে দগ্ধ হয়ে এক চীনা প্রকৌশলীসহ তিনজনের মৃত্যু হয়েছে। গত ২৮ সেপ্টেম্বরের ওই দুর্ঘটনায় মোট চারজন দগ্ধ হন, যাদের মধ্যে অপর একজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন।

নিহতরা হলেন চীনা প্রকৌশলী জেংলিং হং (৫৩), শ্রমিক শরিফুল ইসলাম (২৭) ও মনির হোসেন (২৭)। শরিফুল ও জেংলিং হং ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং মনির হোসেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

গত ১ অক্টোবর সকালে ঢাকার বার্ন ইনস্টিটিউটে শরিফুল ইসলাম এবং একই দিন রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মনির হোসেন মারা যান। সর্বশেষ ২ অক্টোবর সকালে ঢাকার বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চীনা প্রকৌশলী জেংলিং হং।

নিহত শরিফুল খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আমতলা ইউনিয়নের বাসিন্দা, তার দুটি ছোট সন্তান রয়েছে। দুর্ঘটনায় আহত জুয়েল (৩৬) বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন; তবে তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

এদিকে নিহত শরিফুলের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে, তবে তা এখনও চূড়ান্ত হয়নি। শনিবার সন্ধ্যায় জোরারগঞ্জ থানায় নিহতের স্বজন এবং কারখানার চীনা ও বাংলাদেশি কর্মকর্তাদের মধ্যে এ নিয়ে একটি বৈঠক হয়।

শরিফুলের চাচা মনির হোসেন জানান, তারা কোনো মামলা করতে চান না, বরং পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ চান।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, দুর্ঘটনাকবলিত চারজনের মধ্যে চীনা প্রকৌশলীসহ তিনজন মারা গেছেন। কারখানার প্রতিনিধি ও নিহতের স্বজনেরা থানায় এসেছেন এবং তাদের আইনি প্রক্রিয়া সম্পর্কে জানানো হয়েছে। পরিবার মামলা না করলেও পুলিশ আইন অনুযায়ী মামলা দায়ের করতে পারে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলছে।

কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, এটি কোনো বয়লার দুর্ঘটনা নয়; ফার্নেসের ত্রুটির কারণে চুল্লি থেকে গলিত লোহা ছিটকে পড়েই এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনার প্রকৃত কারণ ও দায় নির্ধারণে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।