বানোয়াট মামলা তামাশা, আটক-বাণিজ্য, ভয়ভীতি প্রদর্শন ও সন্ত্রাসী হামলা বন্ধের দাবি জানিয়েছেন বিশিষ্ট লেখক, গবেষক ও অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ। তিনি বলেন, এসব হয়রানিমূলক কর্মকাণ্ডের কারণে বিনা অপরাধে বহু শিক্ষক, চিকিৎসক, লেখক, শিল্পী ও সংস্কৃতিকর্মী তাদের স্বাভাবিক কাজকর্ম করতে পারছেন না; যার ফলে ব্যক্তি বিশেষের পাশাপাশি পুরো দেশ চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন অধ্যাপক আনু মুহাম্মদ।
পোস্টে তিনি উল্লেখ করেন, লেখক ও যুদ্ধাপরাধী বিচার আন্দোলনের সংগঠক শাহরিয়ার কবির এবং লেখক-শিক্ষক ড. মুহম্মদ জাফর ইকবালসহ নানা শ্রেণিপেশার বিশিষ্ট ব্যক্তিত্বদের বিরুদ্ধে অতিরঞ্জিত ও অযৌক্তিক মামলা দেওয়া হচ্ছে। তার মতে, এভাবে নির্বিচারে মামলা দেওয়ার মাধ্যমে প্রকৃতপক্ষে আসল অপরাধীদের বিচার প্রক্রিয়াকেই ক্ষতিগ্রস্ত করা হচ্ছে এবং পুরো বিচারব্যবস্থাকে জনমনে প্রশ্নবিদ্ধ করে তোলা হচ্ছে।
তিনি অবিলম্বে শাহরিয়ার কবিরসহ সব শিক্ষক, লেখক, শিল্পী, চিকিৎসক ও সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক ও অযৌক্তিক মামলা প্রত্যাহারের আহ্বান জানান।
প্রয়োজনে সুনির্দিষ্ট কোনও অভিযোগ থাকলে তার সঠিক ও স্বচ্ছ বিচার প্রক্রিয়া অব্যাহত রাখার পক্ষমত জানিয়ে অধ্যাপক আনু মুহাম্মদ তাদের দ্রুত জামিনে মুক্তি দেওয়ার জোর দাবি উত্থাপন করেন।