Image description

জামালপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়ায় ৫১ জন প্রার্থী অনশন করছেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের বারান্দায় অবস্থান নিয়ে এ কর্মসূচি শুরু করেন তাঁরা। নিয়োগপত্র না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রার্থীরা।

অনশনকারীরা জানান, জেলায় সহকারী শিক্ষক পদে ১৩৬ জন প্রার্থী চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হন। প্রথম ধাপে ৮৪ জনকে নিয়োগপত্র দেওয়া হয়। দ্বিতীয় ধাপে আরও একজনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। তবে এখনো ৫১ জন প্রার্থী নিয়োগপত্র পাননি।

নিয়োগপত্র না পাওয়া তানভীর রহমান বাপ্পারাজ বলেন, ‘আমরা নিয়োগের জন্য চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছি। অন্যরা নিয়োগপত্র পেলেও আমরা এখনো পাইনি। আমাদের পরিবার আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা চাই, আজকের মধ্যে আমাদের নিয়োগ দেওয়া হোক।’

চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত মাদারগঞ্জের প্রার্থী মীর আফিফা সুলতানা বলেন, ‘নিয়োগপত্র না পাওয়ায় আমরা হতাশ। আশপাশের সব জেলায় নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কিন্তু আমাদের কেন নিয়োগ দেওয়া হচ্ছে না, তা জানি না। নিয়োগপত্র না দেওয়া পর্যন্ত আমরা এই অফিসেই আমরণ অনশন চালিয়ে যাব।’

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলী এহসান জানান, এই ৫১ প্রার্থীর নথি নিয়ে অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে একটি ফলাফল আসবে।