রাজধানীর শেরেবাংলা নগরে গণভবনের পেছনের পুরাতন বাণিজ্য মেলার মাঠ থেকে ১৭টি ককটেল ও একটি পেট্রোল বোমা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গত রাতে সেগুলো উদ্ধারের পর নিষ্ক্রিয় করে এসআরবির বোম্ব ডিসপোজাল ইউনিট।
এসআরবি-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। উদ্ধার করা বিস্ফোরকগুলো সেখানে কীভাবে এলো এবং এর সঙ্গে কারা জড়িত, তা তাৎক্ষণিক জানা যায়নি। এদিকে বিস্ফোরকের খবর পেয়ে গতকাল বিকাল থেকে ঘটনাস্থল ঘিরে রাখেন এসআরবির বিপুলসংখ্যক সদস্য। পরে বিস্ফোরক শনাক্তে ডাকা হয় বোম্ব ডিসপোজাল ইউনিট। নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষের চলাচলও নিয়ন্ত্রণ করা হয়। নয়মুল হাসান জানান, একটি ব্যাগের ভিতর কিছু ককটেল ও পেট্রোল বোমা পাওয়া গেছে। সেখানে আরও বিস্ফোরক রয়েছে কি না, তা জানতে এলাকায় তল্লাশি চালানো হয়।