Image description

রাজধানীর পুরোনো বাণিজ্য মেলার মাঠ ও বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় নাশকতার উদ্দেশ্যে ককটেল ও পেট্রোল বোমা মজুত করা হয়েছিল বলে ধারণা করছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন এসআরবি-২ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে রায়েরবাজারে সাংবাদিকদের তিনি বলেন, এসআরবির গোয়েন্দা তৎপরতায় বিস্ফোরক মজুতের স্থান শনাক্তের পর বোম ডিসপোজাল টিম গিয়ে সেগুলো নিষ্ক্রিয় করে।

নয়মুল হাসান বলেন, জুলাই জাদুঘরের পেছনের পুরোনো বাণিজ্য মেলার মাঠ ও বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় দুষ্কৃতকারীরা নাশকতার উদ্দেশ্যে বিস্ফোরকগুলো রেখে থাকতে পারে। তবে বোমাগুলো খুব বেশি শক্তিশালী ছিল না।

এসব বিস্ফোরক কারা এনে রেখেছে, তা জানতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে বলে জানান তিনি। সংশ্লিষ্টদের শনাক্তের পাশাপাশি এর পেছনে কারা রয়েছে, তা খুঁজে দেখা হচ্ছে।

একই এলাকায় আগে পেট্রোল বোমা ও ককটেল উদ্ধারের প্রসঙ্গে এসআরবি-২ অধিনায়ক বলেন, নিরাপত্তার দিক থেকে এলাকাটি চ্যালেঞ্জিং। পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় দুষ্কৃতকারীরা এসব জায়গা ব্যবহার করতে পারে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটে।

তিনি জানান, বুদ্ধিজীবী কবরস্থান এলাকা থেকে পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে। রাতে সেগুলো নিষ্ক্রিয় করা হবে না। ককটেলগুলো এসআরবি-২-এর সদর দফতরে নিয়ে যাওয়া হচ্ছে এবং মঙ্গলবার দিনের আলোয় নিষ্ক্রিয় করা হবে।