পণ্যবাহী ট্রেইলরের এক কর্মীকে মারধরের জেরে চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার ডেলিভারি বন্ধের প্রায় ৬ ঘণ্টা পর কনটেইনার পরিবহন চালু হয়েছে। জানা গেছে, এ ঘটনায় আগামীকাল বুধবার বিকালে আবার বৈঠকে বসবে দুইপক্ষ।
এর আগে, সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে চট্টগ্রাম বন্দরের ৫ নম্বর গেটে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনার আধা ঘণ্টা পরই কনটেইনার সরবরাহ বন্ধ হয়ে যায়।
এই ঘটনায় আহত হন আশিকুর রহমান নামে বন্দরের নিরাপত্তা কর্মীও। শ্রমিকদের অভিযোগ, বন্দরের গেইটে প্রবেশ পাস দেওয়াকে কেন্দ্র করে ট্রেইলর শ্রমিক অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষের সঙ্গে বন্দর গেটে কর্মরত এক নিরাপত্তা কর্মীর প্রথমে বাগবিতণ্ডা পরে হাতাহাতির ঘটনা ঘটে। এরই জেরে পণ্য পরিবহন বন্ধ করে দেয় শ্রমিকরা।
প্রাইম মুভারস ট্রেইলার শ্রমিক ইউনিয়ন সভাপতি সেলিম খান জানান, গেট পাসের ফি ৫৭ টাকার বদলে ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত নেয়া হচ্ছে। সমিতির কোষাধ্যক্ষ মোকতার হোসেনের কাছ থেকেও বাড়তি টাকা নেয়ার প্রতিবাদ জানালে বন্দরের সিকিউরিটি কর্মীরা তাকে মারধর করেন। পরে বন্দর কর্তৃপক্ষকে এ বিষয়ে জানালে তারা এসে মীমাংসার প্রস্তাব দেয়। এরপর আমরা সবাই চার নম্বর গেটে গেলে সেখানে আবারও ঝামেলা সৃষ্টি হয়। এরপর থেকে আমরা পণ্য পরিবহন বন্ধ করে দেয় পরিবহন শ্রমিকরা।
চট্টগ্রাম বন্দর দিয়ে প্রতিদিন অন্তত ৫ হাজার একক কনটেইনারবাহী পণ্য ডেলিভারি হয়। জাহাজ থেকে নামিয়ে এই কনটেইনার ট্রেইলরে করে গন্তব্যে নেয়া হয়।
খবর পেয়ে বন্দর কর্তৃপক্ষ বিষয়টি সমাধানের চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন বন্দরের সচিব।