ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দালালদের তৎপরতা প্রতিরোধে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন সদ্য দায়িত্ব নেয়া পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফারহাদ হোসেন। একইসঙ্গে চিকিৎসকদের ওপর হামলার ঘটনাগুলোতেও সাংবাদিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ মেডিকেল রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএমআরএ) পক্ষ থেকে নতুন পরিচালককে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
পরিচালক বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ চিকিৎসা নিতে ঢামেক হাসপাতালে আসেন। আসনসংখ্যার তুলনায় রোগীর চাপও অনেক বেশি। এসব রোগীর মধ্যে দরিদ্র ও অসহায় মানুষের সংখ্যাও কম নয়।
তিনি বলেন, দরিদ্র রোগীদের লক্ষ্য করে হাসপাতালে দালালরা নানা ধরনের তৎপরতা চালায়। রোগী ও স্বজনদের স্বার্থে এসব তৎপরতা প্রতিরোধ করা জরুরি। এ কাজে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।
চিকিৎসকদের ওপর হামলার প্রসঙ্গে এ কে এম ফারহাদ হোসেন বলেন, ঢামেকের চিকিৎসকেরা দিনরাত পরিশ্রম করে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। এরপরও মাঝে মাঝে চিকিৎসকদের ওপর হামলার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটে। এসব বিষয়েও সাংবাদিকদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, হাসপাতালের চিকিৎসাসেবা ও রোগীদের স্বার্থে দালালদের তৎপরতা প্রতিরোধের পাশাপাশি চিকিৎসকদের ওপর হামলার ঘটনাগুলোও গুরুত্বের সঙ্গে দেখতে হবে।
এ সময় ঢামেক হাসপাতালের উপপরিচালক আশরাফুল আলমসহ হাসপাতালের বিভিন্ন কর্মকর্তা এবং বিএমআরএর সদস্যরা উপস্থিত ছিলেন।