শেখ মুজিবুর রহমানের লেখা বই ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রির অভিযোগে প্রকাশনা সংস্থা দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) বাংলাবাজার বিক্রয় কেন্দ্রে তালা দিয়েছে কিছু মানুষ। এ সময় বিক্রয়কেন্দ্র থেকে দুই কর্মীকে তুলে নিয়ে আটকে রাখা হয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। পরে এ বই আর বিক্রি না করার শর্তে পুলিশের সমঝোতার মাধ্যমে তাঁদের ছেড়ে দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন সূত্রাপুর থানার ওসি মতিউর রহমান।
ইউপিএলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিকেল সাড়ে ৫টার দিকে বাংলাবাজার বিক্রয়কেন্দ্র আসেন দুই যুবক। শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি কিনতে চাইলে তাঁদের বই বের করে দেওয়া হয়।
পরে তাঁরা আপত্তি তুলে বলেন, এই বই কেন বিক্রি করেন? এটি তো নিষিদ্ধ। এক পর্যায়ে তারা আশপাশের আরও মানুষ জড়ো করে, বিক্রয় কেন্দ্রের শাটার নামিয়ে তালা ঝুলিয়ে দেন। একইসঙ্গে ওই কেন্দ্র থেকে দুই কর্মীকে তুলে নিয়ে যান। পরে তাঁদের সদরঘাট এলাকার লালকুঠি ঘাটে আটকে রাখা হয়।
ওই দুই ব্যক্তি ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে দাবি করেছে ইউপিএল। প্রতিষ্ঠানটি জানায়, তুলে নেওয়া দুই কর্মী হলেন আমিনুল ইসলাম ও হুমায়ূন কবীর।
সূত্রাপুর থানার ওসি মতিউর রহমান স্ট্রিমকে বলেন, তুলে নেওয়া দুই কর্মীকে থানায় আনা হয়নি। তাঁদেরকে ফরিদাবাদ পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানেই দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে।
ওসি বলেন, ‘অসমাপ্ত আত্মজীবনী’ ২৪ সালের পর আর ছাপানো হয়নি। তাই বইটি আর বিক্রি না করার শর্তে পুলিশ ফাঁড়ি থেকেই তাঁদের ছেড়ে দেওয়া হয়। থানায় এ ব্যাপারে কোনো অভিযোগ জানানো হয়নি।