ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সিন্ডিকেটে সদস্য হিসেবে জাবির দুই অধ্যাপকসহ মোট তিনজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। সিন্ডিকেটে স্থান পাওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দুই শিক্ষক হলেন ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নাহরিন ইসলাম খান এবং জাবির বর্তমান ট্রেজারার ও ফার্মেসী বিভাগের অধ্যাপক মো. সোহেল রানা।
সোমবার (২৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয় থেকে জারীকৃত এক আদেশের মাধ্যমে এই তথ্য জানানো হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, প্রথিতযশা ব্যক্তি ক্যাটাগরিতে জাবির ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নাহরিন ইসলাম খানকে মনোনয়ন প্রদান করা হয়েছে। একই আদেশে বিশিষ্ট অধ্যাপক ক্যাটাগরিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের অধ্যাপক মো. সোহেল রানা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. মোর্শেদ হাসান খান মনোনয়ন পেয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে 'ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন, ২০২৬'-এর ২৪(১) (ঘ) ও (৬) এবং ২৪(৩) ধারা অনুযায়ী বিশিষ্ট অধ্যাপক ও প্রথিতযশা ব্যক্তি ক্যাটাগরিতে তাদেরকে আগামী ২ বছরের জন্য সিন্ডিকেটের সদস্য হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
প্রসঙ্গত, দেশের ৫তম স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় হিসেবে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে রাজধানীর সরকারি সাতটি কলেজকে সংযুক্ত করে গঠিত হয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। নবগঠিত এই বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো সিন্ডিকেট সদস্য নিয়োগ দিয়েছে সরকার।