কুমিল্লায় রাজনৈতিক বিক্ষোভ মিছিলে আলোচিত কিশোর গ্যাং সদস্য রতনের উপস্থিতি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিন।
সংবাদ সম্মেলনে তার দাবি, এটি ছিল বিভিন্ন ইউনিটের হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে একটি বিশাল বিক্ষোভ মিছিল। সেখানে রতন কীভাবে পেছনের সারিতে এসে দাঁড়িয়েছেন, তা তার জানা ছিল না এবং রতনের সঙ্গে তার কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক সম্পর্ক নেই।
আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সম্প্রতি কুমিল্লা মহানগর ও জেলা ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দল এক যৌথ বিক্ষোভ মিছিলের আয়োজন করে। মিছিলটি নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ড, বিভিন্ন ইউনিয়ন এবং জেলা পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।
তবে মিছিলের একটি ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেখা যায়, সামনের সারিতে থাকা মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিনের ঠিক পেছনের সারিতে হাঁটছেন আলোচিত কিশোর গ্যাং সদস্য রতন। পরবর্তীতে বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে নিজের ব্যাখ্যা তুলে ধরেন মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিন।
মহসিন বলেন, বিশাল এই মিছিলে প্রত্যন্ত এলাকা থেকে আসা সবাইকে চেনা অত্যন্ত কঠিন ছিল। আমরা মিছিল পরিচালনা ও স্লোগান নিয়ে ব্যস্ত ছিলাম। রতনের সঙ্গে আমার কোনো ব্যক্তিগত, সামাজিক কিংবা রাজনৈতিক সম্পর্ক নেই।
তিনি আরও জানান, দলীয় কর্মসূচিতে কিশোর গ্যাং সদস্যকে কারা সঙ্গে নিয়ে এসেছে, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে। বিষয়টি নিয়ে দলের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদুজ্জামান রানাও স্পষ্ট করেছেন যে, দলীয় কর্মসূচিতে কিশোর গ্যাংয়ের মতো বিতর্কিত ব্যক্তিদের উপস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি খতিয়ে দেখে কারও সম্পৃক্ততা প্রমাণিত হলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্প্রতি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা নাহিদা বেগমের ছেলে অপ্রতীম হত্যাকাণ্ডের পর নগরে কিশোর গ্যাংবিরোধী অভিযান জোরদার করে আইনশৃঙ্খলা বাহিনী। সেই প্রেক্ষাপটে রাজনৈতিক মিছিলে কিশোর গ্যাং সদস্যের উপস্থিতির ছবি সামনে আসায় বিষয়টি নতুন করে ব্যাপক আলোচনার জন্ম দেয়।