Image description

বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের যুদ্ধবিধ্বস্ত রাখাইন রাজ্যে সোমবার একটি বাজারের কাছে দেশটির সামরিক বাহিনী বিমান হামলা চালায়। এতে অন্তত ৩৩ জন মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে ওই এলাকা নিয়ন্ত্রণকারী বিদ্রোহী গোষ্ঠী ও স্থানীয় এক ত্রাণকর্মী।

রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরে বিমান হামলায় ৩৬ জন আহতও হয়েছেন বলে জানিয়েছে সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। ওই এলাকায় একটি দল নিয়ে কাজ করা ত্রাণকর্মী ওয়াই হুন অংও হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন।

২০২১ সালের অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে অস্থিরতা চলছে এবং এর জেরে গৃহযুদ্ধ শুরু হয়েছে। আরাকান আর্মিসহ বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী বিভিন্ন ফ্রন্টে সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে।

রাখাইন রাজ্যের উত্তরে নদীতীরবর্তী শহর কিয়াউকতাও সম্পর্কে ওয়াই হুন অং বললেন, ‘এই জায়গাটি লড়াই থেকে বেশ দূরে এবং সংঘাতের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।’

মন্তব্যের জন্য মিয়ানমার সরকারের এক মুখপাত্রের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি। এর আগে সরকার বলেছে, বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি এড়াতে সামরিক বাহিনী ‘সর্বোচ্চ সংযম’ অবলম্বন করে।

আরাকান আর্মি ও ওয়াই হুন অং বলেছে, কিয়াউকতাওয়ে বিমান হামলা রাখাইন রাজ্যে সাম্প্রতিক সময়ের সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি। এর আগে গত ডিসেম্বরে রাজ্যের পশ্চিমাঞ্চলে একটি হাসপাতালে বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হয়।