রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ব্রাউনফিশে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। সালমান মুক্তাদিরের অভিযোগ, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় প্রতিশোধ হিসেবে তার স্টুডিওতে হামলা চালানো হয়।
রবিবার (২৭ সেপ্টেম্বর) মধ্যরাতে নিউগ্রিন প্রপার্টিজের কার্যালয়ে থাকা স্টুডিওটিতে ঘটে এ ঘটনা। হামলায় স্টুডিওর সিসি ক্যামেরাসহ বিভিন্ন যন্ত্রপাতি ও আসবাব ভাঙচুর করা হয়েছে। কিছু জিনিসপত্র লুটও হয়েছে। তবে স্টুডিওর কোনো কর্মী আহত হননি বলে জানিয়েছেন সালমান মুক্তাদির।
ঘটনার পর রাত ১টা ৩৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেন সালমান মুক্তাদির। সেখানে তিনি বলেন, হামলার ঘটনায় তার ব্যক্তিগতভাবে খুব বেশি ক্ষতি হলেও তা সামলে নেওয়া তার পক্ষে সম্ভব। তবে তার উদ্বেগ, এ ধরনের ঘটনায় অন্যরা হয়তো মানসিকভাবে ভেঙে পড়তে পারেন।

সালমান মুক্তাদির বলেন, ‘লাকিলি, আমার পক্ষে এটা কপআপ করা সম্ভব। আমি সবসময় নিজের দমে কাজ করে আসি। একই জিনিসটা আমি করব। আমাকে এটা ভাঙতে পারবে না। এটা আমার জন্য ইজি, কারণ আমি অনেক বেশি স্ট্রং অ্যান্ড কনফিডেন্ট। কিন্তু টেনশন হচ্ছে, আমার মতো মনোবল নিয়ে কয়জন আগাইতে পারবে।’
তিনি আরও বলেন, ‘আপনাদের যদি কারও এরকম একটা নিউজ চ্যানেল থাকত, কোনো একটা স্টুডিও থাকত বা কোনো কাজের জায়গা থাকত, এটা হলে সর্বস্বহারা হয়ে আসলে মনটা খারাপ করার বিষয়। আমার কাছে ওটাই খারাপ লাগছে যে বাংলাদেশের মানুষ কোথাও সেফ না।’
সালমান মুক্তাদির তার ভিডিওতে স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশেও বক্তব্য দেন। তিনি বলেন, ‘আমার স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, উনি অবশ্যই এগুলোর ভিডিও প্রায় দেখেন। উনাকে যদি কিছু বলা হয়, উনি কতটা স্বীকার করেন কি না জানি না। তবে উনার প্রতি আমার কোনো গ্রাজ বা রাগ নাই, কোনো কমপ্লেইন্ট নাই, কোনো চাহিদা নাই। বিএনপির একজন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে বা দেশের একজন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে উনার যা করার কথা, উনি ভালো করেই জানেন। উনি কতদূর করছেন, সেটা অবশ্য আমরা দেখতে পারি।’
পরে গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে সালমান মুক্তাদির দাবি করেন, চাঁদা চাওয়ার বিষয়কে কেন্দ্র করে তার স্টুডিওর ক্ষতি হয়েছে। তিনি বলেন, ‘আমাদের এখানকার ল্যান্ড ওনারের সঙ্গে হয়তো চাঁদাবাজি নিয়ে কোনো একটা ঘটনা হয়েছিল। চাঁদা চেয়েছে বা কিছু একটা হয়েছিল। না দেওয়াতে কী হয়েছিল, পেছনের ঘটনা আমি জানি না। তাদের রিভেঞ্জ থেকে মাঝখানে আমাদের মতো মানুষজন পড়ে গেছে।’
ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালমান মুক্তাদির বলেন, ‘আমার এমপ্লয়রা অনেক ভেঙে পড়ছে। তাদের কীভাবে আমি আরেকটু ব্যালান্স করতে পারি, তাদের কীভাবে আমি আরেকটু সাহস দিতে পারি, এটা হচ্ছে আমার নেক্সট টার্গেট। টাকাটা নিয়ে আমি পরে চিন্তা করব।’
ক্যান্টনমেন্ট থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ‘জায়গা দখলকে কেন্দ্র করে ইসিবি চত্বরে একটি অফিসে হামলা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে দুই জনকে ছোরাসহ আটক করা হয়েছে।’ এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।