চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে উপাচার্য পদে বহাল রাখার দাবিতে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল শেষে উপাচার্য ভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। বিক্ষোভকারীরা অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পুনরায় উপাচার্য পদে বহাল রাখার একদফা দাবি জানান। এর আগে একই দিন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
বিক্ষোভে শিক্ষার্থীদের ‘দাবি মোদের একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’, ‘ভিসির চেয়ার কারে চায়, সায়েম স্যারকেই আবার চাই’ এবং ‘ভিসি স্যার ভিসি স্যার, সায়েম স্যার সায়েম স্যার’-সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, মিছিলটি স্বাধীনতা চত্বর থেকে শুরু হয়ে একাডেমিক ভবন-২, ছাত্রীদের হল ও শিক্ষক আবাসিক এলাকা প্রদক্ষিণ করে। পরে রাত সাড়ে ১১টায় স্বাধীনতা চত্বরে গিয়ে এই বিক্ষোভ কর্মসূচি শেষে শিক্ষার্থীরা উপাচার্য ভবনে তালা ঝুলিয়ে দেন। পাশাপাশি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখার (লকডাউন) ঘোষণা দেন তারা।
বিক্ষোভে অংশ নেওয়া তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইফাজ তাজোয়ার বলেন, ‘দীর্ঘ সময় পর আমরা একজন যোগ্য উপাচার্য পেয়েছিলাম। অথচ কোনো কারণ দর্শানো ছাড়াই তাকে অপসারণ করা হলো। তিনি শিক্ষার্থীবান্ধব ছিলেন এবং একাডেমিকসহ নানা ক্ষেত্রে আমাদের সাহায্য করেছেন। অনতিবিলম্বে তাকে পদে পুনর্বহাল করার দাবি জানাচ্ছি।’