রাজধানীর লালবাগ এলাকা থেকে নিখোঁজের তিন দিন পর শেখ ওয়াসিম রনি নামে এক ব্যবসায়ীর মাটিচাপা দেওয়া লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় করা মামলায় তার বন্ধু মাসুম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক আসামি মাসুমের জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে, এদিন মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানার উপ-পরিদর্শক বেলায়েত হোসাইন আসামি মাসুমকে আদালতে হাজির করেন। এরপর আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
প্রসিকিউশন বিভাগের এসআই আশরাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
গত বৃহস্পতিবার গভীররাতে বিসি দাস স্ট্রিটের পাঁচতলা একটি ভবনে পুলিশ অভিযান শুরু করে। পরদিন শুক্রবার ভোরে নিচতলার পাশে মাটি খুঁড়ে রনীর লাশ উদ্ধার করে।
জানা গেছে, ব্যবসায়ী ওয়াসিম রনি নিখোঁজ ছিল বলে গত ৮ সেপ্টেম্বর লালবাগ থানায় জিডি করেন তার স্বজনরা। সেই জিডির তদন্ত করতে গিয়ে পুলিশ রনির বন্ধু মাসুমকে আটক করে। পরে মাসুমের দেখানো মতে তার বাসার পেছন থেকে মাটিতে বালুচাপা দেওয়া অবস্থায় রনির লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় রনির স্ত্রী নুসরাত জাহান সীমা লালবাগ থানায় মামলা দায়ের করেন।
মামলায় অভিযোগে বলা হয়, মাসুম রনির কাছ থেকে ৩ লাখ টাকা ধার নেন। নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পরও মাসুম টাকা ফেরত দিতে পারছিলেন না। রনি পাওনা টাকা আনার জন্য মাসুমের বাসার নীচতলার অফিসে যান।
আসামি মাসুম ৮ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টা থেকে ১০ সেপ্টেম্বর দুপুর ১টার মধ্যে পূর্বপরিকল্পিতভাবে রনিকে হত্যা করে তার মরদেহ বালিচাপা দিয়ে গুম করার চেষ্টা করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।